মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আগামী জুনের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের প্রাক্তন রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি। ঢাকায় ভারতীয় হাই কমিশন সূত্রে বিষয়টি জানা গেছে।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রণয় ভার্মা। শিগগিরই বাংলাদেশ ছাড়বেন তিনি। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত এপ্রিলের শেষ দিকে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দীর্ঘদিন পর কোনও কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিককে এ পদে নিয়োগ করে ভারত সরকার।
৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের প্রাক্তন রেলমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে পরের মাসে বিজেপিতে যোগ দেন তিনি।
২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পট পরিবর্তন হলে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা ও টানাপোড়েন শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে বাদ দিয়েই ইউনুস সরকার নির্বাচন করে। এতে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে। দলটির সভাপতি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এই ধারাবাহিকতায় এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল সরকারের পতনের পর বাংলাদেশে বিজেপির নেতা ত্রিবেদীর আগমনটি খুবই তাৎপর্যপূর্ণ বলে বাংলাদেশের মানুষ মনে করছেন।
Comments :0