Tourists Found Dead

চার পর্যটকের মৃতদেহ উদ্ধার রাজগীরের ধর্মশালায়

জাতীয়

নালন্দার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রাজগীরে দিগম্বর জৈন ধর্মশালার একটি ঘর থেকে চার পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে শুক্রবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্ধ ঘর থেকে তীব্র গন্ধ বেরোনোর পর কতৃপক্ষ পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘরটি ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। দরজা ভেঙে পুলিশ দেখতে পায় ঘরে চারজনের মৃতদেহ ঝুলছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুই মহিলা রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে ৩১ জানুয়ারী তাঁরা রাজগীরে এসেছিলেন। নিহতরা সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানা গেছে।
ধর্মশালার কর্মীরা পুলিশকে জানিয়েছেন ২ ফেব্রুয়ারি থেকে ঘরের দরজা খোলা হয়নি।  পুলিশ ঘরটি সিল করে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ধর্মশালার ইনচার্জ মুকেশ জৈন জানান, ধর্মশালায় মোট ৫০টি ঘর রয়েছে। প্রায় সব ঘরেই পর্যটকরা থাকেন। চারজনই ৩১ জানুয়ারী এসেছিলেন। নেপাল ঘুরে তাঁরা রাজগিরে এসেছিলেন। চারজনের মধ্যে একজন জিআর নাগ প্রসাদ তাঁর আধার কার্ড দিয়েছিলেন। তাতে ঠিকানা ছিল বেঙ্গালুরু। বাকিরা কোনও পরিচয়পত্র দেননি।
পুলিশ ধর্মশালার ইনচার্জ এবং সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment