Chit Fund Scammers

স্বরূপনগরে গ্রেপ্তার চিটফান্ডের দুই কর্ণধার

জেলা

দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ওঠা বেসরকারি চিটফান্ডের দুই কর্ণধারকে অবশেষে গ্রেপ্তার করলো স্বরূপনগর থানার পুলিশ। প্রায় দু’হাজার আমানতকারীর প্রায় ১৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে। ধৃতদের নাম মৃত্যুঞ্জয় সরকার ও স্বপন বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২ সাল থেকে স্বরূপনগর এলাকায় ওই সংস্থা দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল। সেই প্রলোভনে পা দিয়ে প্রায় দু’হাজার মানুষ ওই সংস্থায় টাকা জমা করেন। অভিযোগ, প্রায় চার মাস আগে সংস্থার মূল গেটে তালা ঝুলিয়ে উদ্যোক্তারা গা-ঢাকা দেন। এরপর থেকেই টাকা ফেরতের দাবিতে দফায় দফায় সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন আমানতকারীরা। তাদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও টাকা ফেরত মেলেনি।
গত ২০ অক্টোবর মৃত্যুঞ্জয় সরকারের বাড়িতে হামলা চালান ক্ষুব্ধ আমানতকারীদের একাংশ। সেই ঘটনায় স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর ২৫ অক্টোবর টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু নির্ধারিত দিনে টাকা না পেয়ে ফের ক্ষোভে ফেটে পড়েন আমানতকারীরা। তারা স্বরূপনগর থানার সামনে বিক্ষোভ দেখান এবং অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মৃত্যুঞ্জয় সরকার ও স্বপন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হয়। প্রায় ১৭ কোটি টাকা ফেরত পাওয়ার আশায় এখন পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।

Comments :0

Login to leave a comment