Prayagraj

প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের দেওয়াল ধসে মৃত চার শ্রমিক, জখম ১২

জাতীয়

সোমবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে বিস্ফোরণে কোল্ড স্টোরেজের দেওয়াল ধসে প্রায় ২০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ঘটনা ঘটেছে। ঘটনায় চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার দুপুর ২টো নাগাদ কোল্ড স্টোরেজের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে দুর্ঘটনাটি ঘটে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে নিহতের নাম পিলাত চৌধুরী, মাশিন্দর, জ্যোতিষ এবং স্থানীয় বাসিন্দা জগদীশ।  বাকি তিনজন বিহারের বাসিন্দা। খবর পেয়ে প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ পাওয়া খবরে জানা গেছে উদ্ধারকারী দলের সদস্যরা ১৭ জন শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছে। জানা গেছে, কোল্ড স্টোরেজটি সমাজবাদী পার্টির নেতা ও মন্ত্রী আনসার আহমেদের মালিকানাধীন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যামোনিয়া গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে আরসিসি পিলারের কাঠামোটি ধসে পড়ে। প্রায় ১০,০০০ বর্গফুট আয়তনের পুরো ভবনটিই ধসে পড়েছে। এই প্রসঙ্গে প্রয়াগরাজ পুলিশ কমিশনার যোগেন্দ্র কুমার বলেন,  ‘‘ফাফামাউয়ের আদর্শ কোল্ড স্টোরেজের ছাদ ধসে পড়েছে। খবর পেয়ে এনডিআরএফ ও তিনটি এসডিআরএফ দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। চারজনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। এই কোল্ড স্টোরেজটি আনসার আহমেদ নামে এক ব্যক্তির। রক্ষণাবেক্ষনের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তদন্তের জন্য একটি কমিটি গঠন করব। উদ্ধার অভিযান চলছে। জানা গেছে, আনসার আহমেদ সমাজবাদী পার্টির একজন প্রাক্তন বিধায়ক। উদ্ধার অভিযান রাতভর চলবে। অবহেলার জন্য ব্যবস্থা নেওয়া হবে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।’’ জানা গেছে, কোল্ড স্টোরেজটিতে প্রায় ১০০ জন শ্রমিক কাজ করেন। দুর্ঘটনার সময় কিছু কর্মী খাওয়া দাওয়া করছিলেন, অন্যরা কাজ করছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

Comments :0

Login to leave a comment