চারদিকে জঞ্জালের পাহাড়, তার মধ্যে পড়ে রয়েছে শয়ে শয়ে গোরুর পচাগলা দেহ! প্রত্যক্ষদর্শীদের আন্দাজ, ৩০০... না ৫০০!
বিজেপি শাসিত রাজস্থানের জয়সলমের জেলার রামগড় রোড পৌরসভার এক ভাগাড়ের এই মর্মান্তিক দৃশ্য সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গোরক্ষাকে ‘মিশন’ হিসাবে প্রচার করে ২১ রাজ্যে ক্ষমতায় আসা বিজেপি’র এই ভণ্ডামি নিয়ে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। যে ‘গোমাতার’ জন্য আধার কার্ড পর্যন্ত বানানোর নিদান হাঁকে বিজেপি ও সঙ্ঘ পরিবার, তাঁরা এই হৃদয়বিদারক ঘটনায় নিস্পৃহ কেন? ভোটের আগেই কি বিজেপি নেতারা ‘গো সন্তান’-র অবতার নেন, ভোট ফুরালেই তা ‘গোমাতা’ ত্যাজ্য? এমনই মন্তব্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, পচা গন্ধে ওই অঞ্চলের বাসিন্দাদের থাকতে খুবই কষ্ট হচ্ছে। স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন অনেকে। শয়ে শয়ে ‘গোমাতা’-র মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের অনেকেই তুমুল উষ্মা প্রকাশ করেছেন। বিজেপি সরকার তাঁদের ধর্মীয় ভাবাবেগের প্রতি পুরোপুরি উদাসীন বলে তাঁরা অভিযোগ করেছেন।
রবিবার রামগড় রোডের এই ভিডিও ভাইরাল হতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বিপাকে পড়ে জয়সলমের পৌরসভা কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হয়। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে সাসপেন্ড করা হয়। তাঁর জমা টাকা বাজেয়াপ্ত করা হয় এবং কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা হয় এবং জেসিবি মেশিন দিয়ে গর্ত খুঁড়ে গোরুর মরদেহ মাটি চাপা দেওয়া হয়।
তবে এই সমস্ত ব্যবস্থা ‘ড্যামেজ কন্ট্রোল’ বলে ব্যাখ্যা করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। ‘খরচ বাঁচাতে’ ঠিকাদার ও পৌর প্রশাসনের আধিকারিকরা বহুবার একই ভাবে গোরুর মৃতদেহ এভাবে ভাগাড়ে ফেলে রেখে গেছে। বহুদিন ধরে পড়ে থেকে পচে গলে এখন এমন অবস্থা হয়েছে। এই ভাগাড় গাড়ি আসা যাওয়ার রাস্তার পাশেই। ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা যাচ্ছে, এ রাস্তা দিয়ে যাওয়া যে কোনও গাড়ি থেকেই শয়ে শয়ে গোরুর মরদেহ দেখা যাচ্ছে। সুতরাং এমন ঘটনা এতদিন প্রশাসনের নজর এড়িয়ে গেছে, তা মোটেই বিশ্বাসযোগ্য নয়।
কেন্দ্রে মোদী সরকার আসার পরে গো-রক্ষার নামে শতাধিক জনকে পিটিয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদীরা। গুরুতর জখম হয়েছেন আরও শতাধিক। এই সমস্ত ঘটনায় মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছেন। অকথ্য অত্যাচারের মুখোমুখি হয়েছেন দলিত সম্প্রদায়ের মানুষও। গো-রক্ষার নামে সাম্প্রদায়িক মেরুকরণের হাওয়া তুলে বছর বছর ভোটে জিতেছে বিজেপি।
কিন্তু রাস্তায় যখন ভবঘুরে গোরুরা আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক ও বর্জ্য খেয়ে বেঁচে থাকে, কিংবা জয়সলমেরের মতো শত শত গোরুর দেহ যখন ভাগাড়ে অযত্নে ফেলে রাখা হয়, তখন হিন্দুত্ববাদী ও স্বঘোষিত গো-রক্ষকরা বেপাত্তা! প্রতিবাদে রাস্তায় নামার উদ্যোগ দেখা যায় না। এমনই অভিযোগ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশ। তাঁদের আরও অভিযোগ, জয়সলমেরের ঘটনাই যদি অন্য কোনও বিরোধী শাসিত রাজ্যে হতো, বিজেপি এতে কার্যত পাকিস্তানের ষড়যন্ত্র থেকে সন্ত্রাসবাদী ছক পর্যন্ত খুঁজে ফেলত! কিন্তু রাজস্থান বিজেপি শাসিত রাজ্য হওয়ায় গো-রক্ষকদের তরফে টু শব্দটুকু মেলেনি।
cow carcasss
রাস্তার পাশে শয়ে শয়ে ‘গোমাতা’-র পচাগলা দেহ, বেপাত্তা গোরক্ষকরা!
×
Comments :0