Iran USA

সীমা পেরলেই বিপদ, ট্রাম্পের‘সভ্যতা ধ্বংসের‘ হুমকিতে বলল ইরান

আন্তর্জাতিক

লক্ষ্মণরেখা পার করলে গুরুতর বিপদে পড়বে আমেরিকাই। রেহাই পাবে না মধ্য প্রাচ্যে তাদের সঙ্গীরা।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। 
ট্রাম্প তাঁর নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’-এ পোস্ট করেছেন ফের। বলেছেন, ‘‘আজ রাতে গোটা সভ্যতার মৃত্য হবে।’’ আমেরিকা ইরানের খার্গ দ্বীপে ৫০ জায়গায় বোমা ফেলেছে রাতে। বাঙ্কার, রাডার সিস্টেম, অস্ত্র ভাণ্ডারে বোমা ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। খার্গ আইল্যান্ডে ইরানের তেল রপ্তানি পরিকাঠামোকে কবজায় আনার লক্ষ্য আগেও জানিয়েচিলেন ট্রাম্প। 
মঙ্গলবার রাত আটটার মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খোলার শর্ত দেন ট্রাম্প। তার আগে সমঝোতায় না পৌঁছালে ইরানের পরিকাঠামো ধ্বংসের হুমকিও দিয়েছিলেন।
ইরানের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা-ইজরায়েল। ইরান পালটা হামলা চালাচ্ছে। ইরানকে ধরাশায়ী করার যে ঘোষণা করে ট্রাম্প যুদ্ধে নেমেছিলেন, ৩৯ দিনের মাথায় তার কিছু হয়নি। বরং ইরানের আক্রমণে বারবার ইজরায়েলকে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করতে হচ্ছে। 
মধ্য প্রাচ্যের কয়েকটি সংবাদ চ্যানেল জানাচ্ছে যে আমেরিকার সঙ্গে যে বার্তালাপ অন্য দেশগুলির মাধ্যমে চালু হয়েছিল, তাকেও বন্ধ করতে চলেছে ইরান। ‘তেহরান টাইমস’ জানিয়েছে আলোচনা প্রক্রিয়া বন্ধ করেও দিয়েছে ইরান।
ইরানের শর্ত, হরমুজ প্রণালি খুলতে হলে মধ্য প্রাচ্যে অশান্তি করার নীতি থেকে সরতে হবে আমেরিকা এবং তার সঙ্গী ইজরায়েলকে। ইরানের পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র মজুতের মতে বিষয়, যার সঙ্গে সার্বভৌম দেশের স্বাধীনতা জড়িত, সেখানে আমেরিকা-ইজরায়েল খবরদারির চেষ্টা করবে না। বরং, ইরানের ওপর ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। 
এদিকে আমেরিকা রাষ্ট্রসঙ্ঘে হরমুজ প্রণালি খোলার সশস্ত্র অভিযানের প্রস্তাব পাশ করাতে সক্রিয় হয়েছে। রাষ্ট্রসঙ্ঘে এই মর্মে প্রস্তাব পেশ করেছে বাহরিন। এর আগে হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা তৈরির প্রয়াস আন্তর্জাতিক মঞ্চে পাশ করানোর বিরোধিতা করেছে। মঙ্গলবার রাতে বিষয়টিতে ভোট হতে পারে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে।

Comments :0

Login to leave a comment