Israel India

ইজরায়েলের নিন্দায় জারি বিবৃতিতে চাপে পড়ে সই ভারতের

আন্তর্জাতিক

গোড়ায় এড়িয়ে গেলেও আন্তর্জাতিক স্তরে চাপের মুখে ইজরায়েলের নিন্দা করে জারি বিবৃতিতে সই করতে হলো ভারতকে।
প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে লাগাতার দখলদারি চালাচ্ছে ইজরায়েল। একদিকে প্যালেস্তাইনের গাজায় সংঘর্ষবিরতি উপেক্ষা করে আঘাত চালিয়ে যাচ্ছে। আরেকদিকে প্যালেস্তাইনের অপর প্রান্ত ওয়েস্ট ব্যাঙ্কে অবৈধ সম্প্রসারণ নীতি নিয়ে চলছে ইজরায়েল।
ইজরায়েলের দখলদারিতে নিন্দা জানিয়ে জারি হয়েছে যৌথ বিবৃতি। গোড়ায় যে ৮৫ দেশ সই করেছিল তার মধ্যে ছিল না নরেন্দ্র মোদী সরকার। 
আন্তর্জাতিক স্তরে চাপ বাড়তে থাকায় প্রায় চব্বিশ ঘন্টা পর প্রস্তাবে সই করতে হয়েছে মোদী সরকারকে। সব মিলিয়ে প্রায় একশো দেশ ইজরায়েলের নিন্দা করে সই করেছে প্রস্তাবে।
এই ইজরায়েলেই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে, বিশেষ করে, উন্নয়নশীল দুনিয়ায় ধিক্কৃত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সখ্য বাড়িয়ে প্রতিরক্ষা ঘনিষ্ঠতা আরো বাড়াতে চাইছে মোদী সরকার।  
রাষ্ট্রসঙ্ঘে পেশ প্রস্তাবে কড়া নিন্দা করা হয়েছে ইজরায়েলের। বলা হয়েছে, প্যালেস্তাইনের ভূখণ্ডে একতরফা সম্প্রসারণ চালাচ্ছে ইজরায়েল। জনবিন্যাস বদলে দেওয়ার এই প্রয়াসকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত এবং নিউ ইয়র্ক ঘোষণপত্র অনুযায়ী প্যালেস্তাইনের জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। অবৈধ বসতি তৈরি করে প্যালেস্তাইনের জমি দখল করা এবং ধীরে ধীরে জমি দখল করা হচ্ছে। 
এদিকে মোদীর সফরের ঠিক আগে প্রতিরক্ষা ক্ষেত্রে সমঝোতা গভীরতর করতে চুক্তি করেছে ভারত এবং ইজরায়েল। দু’দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা ছোট-মাঝারি এবং বড় সংস্থাগুলির মধ্যে সেমিনার হয়েছে। 
উল্লেখ্য, সম্প্রতি ইজরায়েলের অশকেলন শহরে ভারতের পরিযায়ী দুই শ্রমিককে মারধর করা হয়েছে। তবে মোদীর বিদেশ মন্ত্রক কোনও মন্তব্য করেনি।

Comments :0

Login to leave a comment