চাপ বজায় রাখতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার হুমকি দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আবার বলেছেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করলে একমাত্র ইরানের সঙ্গে বোঝাপড়া হতে পারে।
ইরানের ওপর আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ পড়েছে সপ্তম দিনে। আত্মসমর্পণের লক্ষণ দেখাচ্ছে না ইরান। মধ্য প্রাচ্যে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে পালটা আঘাত চালাচ্ছে। আমেরিকা এবং ইজরায়েল শুক্রবারও ইরানের বিভিন্ন জায়গায় বোমা ফেলেছে।
এর মধ্যেই আমেরিকার ৩.৭ বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ৩০ হাজার ৭০০ কোটি। পর্যবেক্ষকরা জানাচ্ছেন, এর মধ্যে সাড়ে ৩ বিলিয়ন ডলার বাজেটের বাইরে থেকে খরচ করতে হচ্ছে আমেরিকাকে। যত সহজে ইরানকে কাবু করবেন ভেবেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি, বাস্তবে তা হচ্ছে না।
ট্রাম্প এদিন আরও বলেছেন যে আত্মসমর্পণের পর মধ্য প্রাচ্যে আমেরিকার সঙ্গীদের নিয়ে ইরানের নতুন নেতৃত্ব বাছাই করা হবে। ইরানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য পরিশ্রম করবে আমেরিকা!
ইরান এবং মধ্য প্রাচ্যে আটকে পড়া বহু মানুষের মধ্যে রয়েছেন ভারতীয় ছাত্রেরাও। তাঁদের পরিবারের তরফে উদ্ধারের মরিয়া বার্তা দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি হয়নি।
ইজরায়েল হামলা চালাচ্ছে লেবাননেও। অন্তত ৩ লক্ষ মানুষ ঘরছাড়া। এক কাপড়ে বাড়ি ছেড়ে ছুটতে হচ্ছে অসংখ্য পরিবারকে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুরুতর বিপর্যয়ের আশঙ্কা জানিয়েছে।
এদিকে আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে হরমুজ প্রণালীর ভেতর যুদ্ধ জাহাজ নিয়ে যাওয়ার মতলব করছে আমেরিকা। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা এই পরিকল্পনা জানিয়েছেন সংবাদমাধ্যমে।
শুক্রবারও ইরান পালটা হামলা চালিয়েছে কুবেত, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইরাকের সেই সব জায়গায় যেখানে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে।
US Iran War
মার্কিন সেনা ঘাঁটিতে বোমা ইরানের, নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি ট্রাম্পের
×
Comments :0