Iran

খামেনেইয়ের ভাষণে প্রতিরোধেরই বার্তা, ট্রাম্পের ‘অবশিষ্ট নেই‘ দাবিতে চর্চা

আন্তর্জাতিক

সংঘাতের ১৩ দিনের মাথায়ও অব্যাহত রয়েছে ইরানের প্রতিরোধ। নতুন রাষ্ট্রীয় নেতা মুজতবা খামেনেই ভাষণে বলেছেন যে শহীদদের হত্যার বদলা নেওয়া হবে। ছাড় পাবে না আমেরিকা।
এদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভাষণ নিয়ে বিভিন্ন মহলেই চলছে আলোচনা। ট্রাম্পের দাবি, ‘ইরানে আঘাত করার মতো অবশিষ্ট আর কিছু নেই।’ 
বড় অংশের অভিমত, কড়া প্রতিরোধের মুখে পড়ে বেরিয়ে আসার যুক্তি দিচ্ছেন ট্রাম্প। আমেরিকা এবং ইজরায়েল যে দাবি করছে তাতে ইরানের মাথা নুইয়ে ফেলার কথা। মোটেই তেমন হচ্ছে না। বরং, বৃহস্পতিবারই মধ্য প্রাচ্যে আমেরিকার ঘাঁটি রয়েছে এমন দেশগুলিতে ইরান থেকে ছুটে এসেছে ক্ষেপণাস্ত্র। আবার তেহরানেও এদিন ঘন ঘন বোমা ফেলার আওয়াজ পাওয়া গিয়েছে।
দিল্লিতে ভারতীয় বিদেশ মন্ত্রক দাবি করেছে যে গত কয়েকদিনে অন্তত তিনবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন এস জয়শঙ্কর। এদিন বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে যে হরমুজ প্রণালিতে ভারতের অভিমুখে যে জাহাজ আসছে তার সুরক্ষার চেষ্টা করেছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। সেই সঙ্গে ইরানে রয়েছেন কয়েক হাজার ভারতীয়। তার মধ্যে ছাত্র এবং পেশাদাররা রয়েছেন। তাঁদের সুরক্ষা নিয়েও কথা হয়েছে। 
ইজরায়েল লেবাননের বেইরুটে সমানে হামলা চালাচ্ছে। তবে লেবাননের প্রতিরোধী সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা জানাচ্ছে যে ইজরায়েলের বিভিন্ন সেনা ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।
ইজরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে যে দেশের বিভিন্ন অংশে বুধবার রাতেও ঘন ঘন সাইরেন বেজেছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। 
মধ্য প্রাচ্যে ইজরায়েল-আমেরিকার হানাদারির বিরোধী এমন প্রতিরোধী গোষ্ঠীগুলির লড়াইকে সম্মান জানিয়েছেন ইরানের নতুন রাষ্ট্রীয় নেতা।

Comments :0

Login to leave a comment