মুক্তধারা
কবিতা
অ্যাড্রিনালীন
অভীক চ্যাটার্জি
৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
মাছ ডিম খাসি খাওয়া
বাঙালির আহার আর,
তাই নিয়ে মোহত্যাগী
বাবাজির হাহাকার!
আসুন বাবা বসুন বাবা
কি মুরতি বাহারে
খাট পেতে দিই, ঘাস কেটে দিই,
বসে পড়ুন আহারে।
বাঘে খেলে দোষ কিছু নেই,
আমি খেলেই দোষ বেশি,
হিসাবটা আর মিলল না ঠিক,
যদিও দুজন মাংসাশী।
মনের বাঘে বনের বাঘে
ভয় বেশি আজ কোনটাতে
বনের বাঘ আজ বিপন্নপ্রায়,
বাঘ ঢুকেছে মনটাতে।
পেটে আমার গামছা বাঁধা
ধর্ম ধুয়ে জল খাবি?
বাবার নামে মরলে পরে
ধর্মে তোদের সইবে কি?
ধর্ম আমার জিরাফ ও আমার,
প্রশ্ন স্পর্ধা কোন ব্যাটার?
পাঁঠা কিংবা গাছপাঁঠা নয়।
প্রশ্নটা টা হোক আধপেটার।।
(সব চরিত্র কাল্পনিক। যদি কোনো হালফ্যাশনের বাবাজির সাথে সাদৃশ্য পেয়ে থাকেন, তা নেহাতই কাকতালীয়।)
Comments :0