মুক্তধারা
কবিতা
মনের পাঠশালা
সুকান্ত মন্ডল
১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
——————————————
মনের ছন্দ নয় তো মন্দ,
বাঁধে না তো সেথা ভাষার দ্বন্দ্ব।
ভেতরে প্রকাণ্ড শব্দের খনি,
দিগন্তে ছড়িয়ে অন্তরের ধ্বনি!
ছোট্ট ঘরেতে বড় এক মাঠ,
অফুরন্ত সেখানে ছন্দের পাঠ।
কৃত্রিম ভাষার নেই কোনো ঠাঁই,
মাটির গন্ধে শুধু জীবন যে তাই।
হৃদয়- পাতায় ভরা ডিকশনারি,
জীবনের বাক্যে মূল্য বড্ড ভারী।
দুনয়ন যেনো ছড়ায় রে আলো,
সৃষ্টির দৃষ্টিতে মনটাও ভালো।
বুকটাই যেন রে এক স্কুলব্যাগ,
ভরা বইগুলোতে দর্শনের ট্যাগ!
কালিহীন কলমে জ্বলে জীবন-বাতি,
নিজের মনটাই যে জীবনের সাথী।
এই দেহখানিই তো আসল পাঠশালা,
ছাত্র হয়ে সই একা থাকার জ্বালা।
একলা ছন্দে শুধু কবিতা যে বাঁধা
নিজের আলোতেই নিজেকে সাধা।
Comments :0