May Day Cuba

‘কিউবা আত্মসমর্পণ করে না‘, আমেরিকার হুমকির মুখে প্রতিরোধী জনস্রোত

আন্তর্জাতিক

আমেরিকার অমানবিক অবরোধকে ধিক্কার জানিয়ে মে দিবস পালন করেছে কিউবা। লক্ষাধিক মানুষ নেমেছেন রাস্তায়। সুসজ্জিত মিছিলে নিজেদের দেশকে রক্ষার অধিকারের ঘোষণা করেছেন সোচ্চারে।
মূল কর্মসূচি হয়েছে রাজধানী হাভানায়, হোসে মার্তি নামাঙ্কিত সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চে। নেতৃত্ব দিয়েছেন কিউবা বিপ্লবের অন্যতম নেতা রাউল কাস্ত্রো। বিশাল পদযাত্রায় থেকেছেন রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কানেল।
কেবল হাভানায় নয়। দেশের বিভিন্ন প্রান্তেই সমাজতান্ত্রিক কিউবার মানুষ নেমেছেন রাস্তায়। দিয়াজ কানেল বলেছেন, ‘‘কিউবা অর্থ কী আরেকবার দেখে নিক এই বিশাল পদযাত্রাকে। অবরোধের প্রতিবাদে শান্তির বার্তায় কিউবার ৬২ লক্ষের বেশি মানুষ সই করেছেন।’’


কানেল সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘‘অনেকে জানতে চান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় কেন। তাঁদের কিউবাবাসী বলছেন যে নিজের দেশে মানুষের মতো বাঁচার জন্য। মে দিবসেই কিউবার মানুষ জানিয়েছেন দেশকে রক্ষার জন্য প্রাণ পর্যন্ত দিতে তাঁরা প্রস্তুত। কিউবার মানুষ শত্রুর লাগাতার হুমকির মুখেও জানাচ্ছেন যে দেশকে রক্ষার জন্য যে কোনও আত্মত্যাগ করতে প্রস্তুত। কিন্তু কোনও অবস্থাতেই আত্মসমর্পণ নয়।’’ 
প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যারেরো মাতানজাস প্রদেশে আরেকটি বিশাল পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন। সেখানে উচ্চারিত হয়েছে শান্তি, সার্বভৌমত্বের পক্ষে সরব অঙ্গীকার। স্লোগান উঠেছে আমেরিকার অবরোধ আর হুমকির বিরুদ্ধে।
ম্যারেরো বলেছেন, ‘‘আমরা হাঁটছি কারণ কিউবা আত্মসমর্পণ করে না। জয়ের পথ ছাড়া অন্য কোনও পথে চলে না।’’

Comments :0

Login to leave a comment