Save Democracy Rally

গণতন্ত্র বাঁচানোর সমাবেশের আগেই সরকারি খরচে নকশালমুক্ত ভারতের প্রচারে মোদী

জাতীয়

১ নভেম্বরের আগে শুক্রবার রামলীলা ময়দানের বাবস্থ্যপনা পরিদর্শনে এম.এ বেবি সহ নেতৃত্ব।

দেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালনে ‘নকশাল মুক্ত ভারত’-কে মুখ্য ভাবনা রেখে প্রচার চালালো কেন্দ্র। কেন্দ্রের মাওবাদী বিরোধী অভিযানকে আনা হয়েছে প্রচারে।
এদিকে আগামীকালই রামলীলা ময়দানে সমাবেশ বিরোধীদের। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনকে কখনও ‘বিদেশি মদতপুষ্ট’ আবার কখনও ‘দিমাগী নকশাল’ সক্রিয়তা বলে প্রচার করছে বিজেপি-আরএসএস। 
সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি সমাবেশ প্রসঙ্গে বলেছেন, ১ নভেম্বরের সমাবেশ কেন্দ্রের নরেন্দ্র মোদী পরিচালিত স্বৈরাচারী সরকারকে কড়া হুঁশিয়ারি দিতে চলেছে। জ্ঞানেশ কুমারের অপসারণ এবং শাস্তি না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন।  
আজ শনিবার, ৩১ অক্টোবর, গুজরাটের একতা নগরে অবস্থিত 'স্ট্যাচু অফ ইউনিটি' নামাঙ্কিত সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের ঐক্য, অখণ্ডতা ও জাতি গঠনে তাঁর অবদানকে স্মরণ করে গোটা দেশজুড়ে এই দিনটিকে 'রাষ্ট্রীয় একতা দিবস' হিসাবে পালন করা হয়।  
প্রধানমন্ত্রী এক্স-এ একটি পোস্ট করে বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁকে অখণ্ড ভারতের রূপকার ও  লৌহমানব  হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “তাঁর জন্মবার্ষিকীতে, অখণ্ড ভারতের রূপকার ও জাতির লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি আন্তরিক শ্রদ্ধা সেইসঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স পোস্ট করে, তাঁকে আধুনিক ভারতের রূপকার হিসেবে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, প্যাটেলের সাহস ও দূরদর্শিতার ফলেই বিভিন্ন দেশীয় রাজ্যকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব হয়েছিল।
সেইসঙ্গে, এদিনই গুজরাটের একতা নগরে একটি প্যারেডের করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। সরকারি অর্থ খরচ করে ওই প্যারেডে কর্মসূচির একটি বিজ্ঞাপন বিভিন্ন পত্রিকায় দেওয়া হয় এদিন। 
সেখানে এদিনের প্যারেডের প্রধান আকর্ষণ হিসাবে নকশাল বিরোধী অভিযানে নিয়োজিত রাজ্য পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কুচকাওয়াজ এবং নকশাল-বিরোধী সারমেয় স্কোয়াডের কুচকাওয়াজ, নকশালমুক্ত ভারত থিমের উপর আদিবাসী শিল্পীদের একটি নাট্য পরিবেশনা  সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়। 
অপরদিকে, এদিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রাজাজী মার্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়ির সামনে 'পাবলিক ইম্পিচমেন্ট' কর্মসূচি করে ইন্ডিয়া ব্লকের নেতারা। পাশাপাশি, আগামীকাল ১ নভেম্বর একই দাবিতে দিল্লির রামলীলা ময়দানে জন সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। তার আগে, সরকারের তরফে এই প্রচারকে বিরোধীদেরই লক্ষ্য বানানোর  চেষ্টা বলেও মনে করছেন অনেকে। 
এর আগে, প্রধানমন্ত্রীর ১৫ আগস্টে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে আন্দোলনকারীদের 'দিমাগী  নকশাল' বলে আক্রমণ করতে দেখা যায়। ঘটনা হলো তার আগেই, জুলাইয়ে টানা আন্দোলনের জেরে ছাত্র-যুবরা শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় করে নিয়েছিল। 
রবিবার, ১ নভেম্বর, সমাবেশের আগেও সেই একই আক্রমণ দেখা গেল। 
‘দিমাগী নকশাল’ আক্রমণ প্রসঙ্গে বেবি আগেই বলেছেন যে গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রতিবাদকে স্তব্ধ করার জন্যই এই 'দিমাগী নকশাল' শব্দবন্ধকে ব্যবহার করা হয়েছে। ভবিষতেও যারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করবেন তাদের স্তব্ধ করতে তাঁদের মাওবাদী হিসাবে চিহ্নিত করে আক্রমণ চালানোর চেষ্টা হবে।
এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখে দেশজুড়ে চলছে আন্দোলন। তারই একটি পর্বে রামলীলা ময়দানে সমাবেশ হচ্ছে। বিরোধীরা একে গণতন্ত্র বাঁচানোর সমাবেশ আখ্যা দিয়েছেন।

Comments :0

Login to leave a comment