Lightning Strikes

বাজ পড়ে বাংলাদেশে মৃত ৬

আন্তর্জাতিক

বাংলাদেশের পাবনা সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় বাজ পড়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার বিকালে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজসংলগ্ন সোনাপাতি বিলে এই ঘটনা ঘটেছে। এদিন স্থানীয় সংবাদ মাধ্যমকে বাজ পড়ে ৬ জনের মৃত্যুর খবর  জানিয়েছেন পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম। তিনি আরও জানান নিহতরা সবাই কিশোর ও তরুণ বয়সী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ওই এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত শুরু হয়। হঠাৎ বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে নিজেদের রক্ষা করতে তারা বিলের কাছে থাকা কয়েকজন মাছ ধরার জন্য ব্যবহৃত পলিথিন দিয়ে তৈরি একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নেয়। ওই ঘরের ওপর বাজ পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করতে গেলে ছয়জনকে মৃত অবস্থায় দেখতে পায়। আহত তিনজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু সাংবাদ মাধ্যমকে জানান, বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই তরুণেরা পলিথিনের ঘরটিতে জড়ো হয়েছিলেন। বজ্রপাতটি সরাসরি সেখানে আঘাত হানলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। ওসি তরিকুল ইসলাম বলেন, নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করেছে পুলিশ। ঘটনায় বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment