Tamil Nadu Election 2026

তামিলনাডুতে এক দফার ভোটে হার ৮২% ছাড়িয়ে

জাতীয়

পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটগ্রহণের পাশাপাশি বৃহস্পতিবার তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে। এদিন বিকাল ৫টা পর্যন্ত তামিলনাড়ু জুড়ে ৮২ শতাংশেরও বেশি ভোট পড়েছে। তামিলনাডুতে বিধানসভা ভোট এক দফাতেই।
ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে,  তামিলনাড়ুর বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলাগুলিতে যেমন কোয়েম্বাটুরে ৮২.৩৩ শতাংশ, কন্যাকুমারীতে ৭৩. ৪৪ শতাংশ এবং মাদুরাই তে ৭৭. ৮৯ শতাংশ ভোট পড়েছে। শুধুমাত্র চেন্নাইতেই বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৮১. ৩৪ শতাংশ ভোট পড়েছে ।
পাশাপাশি, চেন্নাইয়ের কোলাথুর বিধানসভা কেন্দ্রে, যেখানে ডিএমকে সভাপতি ও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে  বিকেল ৫টা পর্যন্ত ৮৩.৫৮ শতাংশ ভোট পড়েছে। 
তামিলনাড়ুর বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ৫.৭৩ কোটিরও বেশি ভোটার রয়েছেন।  যার মধ্যে ২,৯৩,০৪,৯০৫ জন মহিলা ভোটার, ২,৮০,৩০,৬৫৮ জন পুরুষ ভোটার এবং ৭,৭২৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
রাজ্যজুড়ে সকাল থেকেই বিভিন্ন স্তরের ভোটারদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন আধিকারিকদের মতে, অধিকাংশ বুথেই ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে চলছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এদিন ওয়েবকাস্টিং, ফ্লাইং স্কোয়াড সহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয় ।
পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুরও  বিধানসভা নির্বাচনের ভোটগণনা  হবে ৪ মে। 
তামিলনাডুর সরকারে আসীন ডিএমকে। কংগ্রেস, সিপিআই(এম) এবং সিপিআই’র সঙ্গে আসন সমঝোতা রয়েছে ডিএমকে-র। রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী এআইডিএমকে। বিজেপি তাদের জোট শরিক। জনপ্রিয় অভিনেতা বিজয়ের দল টিভিকে কেমন ফলাফল করে তা নিয়েও আগ্রহ রয়েছে পর্যবেক্ষকদের।

Comments :0

Login to leave a comment