নরেন্দ্র মোদীর মেয়াদেই দেশে প্রথমবার পিছিয়ে গিয়েছে জনগণনা। সংবিধান অনুযায়ী নতুন জনগণনার ভিত্তিতে করতে হয় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন। মহিলা সংরক্ষণের নামে পেশ বিলে এই শর্তকেও খারিজ করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সরকার।
শুক্রবার লোকসভায় সংবিধানের ১৩১ তম সংশোধনের উদ্দেশ্যে আনা বিল পরাস্ত হয়েছে। পক্ষে ভোট পড়েছে ২৯৮। বিপক্ষে ২৩০। সভায় ছিলেন ৫২৮ সাংসদ। উপস্থিত সাংসদদের দুই তৃতীয়াংশের সমর্থন পেতে হয় সংবিধান সংশোধনী বিল পাশ করাতে।
২০২৩ সালে, লোকসভা ভোটের আগেই, মহিলাদের আসন সংরক্ষণের বিল পাশ হয়েছে সংসদে। বিল প্রয়োগের জন্য জনগণনা এবং ডিলিমিটেশনের শর্তও রাখা হয়। কিন্তু নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বৃহত্তর লক্ষ্যে সমর্থন জানিয়ে সমর্থন দেন বিরোধীরা।
নতুন বিলে মহিলা সংরক্ষণের নামে লোকসভায় আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রাখা হয়। কিন্তু ২০১১-র জনগণনার ভিত্তিতেই তা করিয়ে নিতে চেয়েছে সরকার।
সংবিধানের ৮২ ধারার তৃতীয় উপধারা বাতিল করার প্রস্তাব নতুন বিলে আনা হয় সে কারণে।
আসন বাড়ানোর এই প্রস্তাবে লাভবান হবে উত্তর ভারতের রাজ্যগুলি, যেখানে বিজেপি শক্তিশালী। উলটে দক্ষিণের রাজ্যগুলির আসন বাড়বে কম অনুপাতে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে আনুপাতিক প্রতিনিধিত্বে হেরফের হবে না। কিন্তু বিলে লিখিতভাবে সেই আশ্বাস ছিল না।
সিপিআই(এম) সহ বিরোধী একাধিক দলের যুক্তি ছিল, মহিলা সংরক্ষণের থেকে ডিলিমিটেশন এবং জনগণনাকে আলাদা করা হোক। সেক্ষেত্রে সবচেয়ে সহজে সংরক্ষণের আইন কার্যকর করা যাবে। সরকার তা মানেনি, বিরোধীদের সঙ্গে আলোচনাও করেনি। তড়িঘড়ি সংসদের বিশেষ অধিবেশন ডেকে পেশ হয় বিল।
২০২১’র জনগণনা মোদী সরকার পিছিয়ে দেয় করোন সংক্রমণের নাম করে। তারপর জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক হলেও জনগণনা শুরুই করা হয়নি। সম্প্রতি জানানো হয়েছে যে কাজ শুরু হচ্ছে। সেক্ষেত্রে ২০২৯’র আগে রিপোর্ট মিলবে কিনা তারও নিশ্চয়তা নেই।
বিরোধী নেতাদের বড় অংশই মনে করছেন মহিলা সংরক্ষণের নামে যেভাবে আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল তা আসলে গণতন্ত্রের ওপর আঘাত। তাকে আপাতত ঠেকানো গিয়েছে। সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস বলেছেন, ‘মহিলা সংরক্ষণের বিরোধিতা আমরা করিনি তা পরিষ্কার। মহিলা সংরক্ষণের নাম করে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত আনতে চেয়েছে মোদী সরকার। আপাতত সেই আক্রমণ রুখে দেওয়া গিয়েছে।‘
Women Reservation Delimitaion
মহিলা সংরক্ষণের সঙ্গে ডিলিমটেশন জুড়ে দেওয়া কেন, প্রশ্ন বিরোধীদের
×
Comments :0