প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মাঠে পাকা ধানের অর্ধেক অংশই নষ্ট হওয়ার আশংকা। কুশমন্ডি থেকে কুমারগঞ্জ, হরিরামপুর থেকে হিলি সহ জেলার বেশিরভাগ অংশে শুক্রবার রাত থেকে দফায় দফায় বৃষ্টিতে পাকা ধান কোথাও জলের তলায় কোথাও কাদা মাটিতে গড়াগড়ি দিচ্ছে। বালুরঘাটের হালদার পাড়ার কৃষক রন হালদার বলেন, ধানের রস শুকোয়নি কিন্তু তার উপর আবার অকাল বৃষ্টির জলে শুয়ে পড়েছে গাছ এবং ধান পচে যাওয়ার উপক্রম হয়েছে জমিতেই। এই অবস্থায় হারভেস্টিং মেশিনেও ধান কাটা যাচ্ছেনা। হিলির কৃষক প্রশান্ত মন্ডল বলেন, আগাম ধান কেটে কিছু সর্ষে ফেলেছিলাম দিন দুয়েক আগে এখন সে সব জলের তলায়। সার, বীজ সহ জমিচাষে অনেক অর্থনৈতিক ক্ষতি হয়ে গেলো। এদিকে যারা প্রাকৃতিক দুর্যোগের খবর শুনে আগে ভাগেই ধান কেটেছে তাদের কাঁচা ধান হাটে বিক্রি হচ্ছে না। কৃষকদের দুর্দশার খবর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে জানালেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ধান কাটা মারা শুরু হয়েগেলেও বর্তমান সরকার কবে ধান কিনবে কিছুই পদক্ষেপ গ্রহণ করছে না। কৃষকদের রেজিষ্ট্রেশন, স্লট বুকিং ইত্যাদি কিছুই হচ্ছেনা। তিনি বলেন আমরা সরকারি সুত্র থেকে জানতে পারছি এবার ধান ক্রয়কেন্দ্র সংখ্যায় অনেক কম করা হবে এবং ধান কেনার পরিমানও প্রায় অর্ধেক হবে। তিনি বলেন সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকফের তালিকা আমরা ব্লক ভিত্তিক বিডিও অফিসে জমা করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিটি পঞ্চায়েতে ধান ক্রয় কেন্দ্র খোলার দাবি রাখছি।
South Dinajpur
জল কাদায় পাকা ধান, ক্ষতিগ্রস্ত দক্ষিণ দিনাজপুরের কৃষকরা
×
Comments :0