আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের ঘরঘরিয়া এলাকায় ঘরঘরিয়া নদীর ওপর নির্মীয়মাণ চার লেনের মহাসড়কের সেতুর একাংশ ভেঙে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন। জানা গিয়েছে, সলসলাবাড়ি-ফালাকাটা ৪১ কিলোমিটার মহাসড়ক প্রকল্পের অংশ হিসেবে ঘরঘরিয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। শনিবার গভীর রাতে সেতুতে ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই একটি বড় অংশ ধসে পড়ে। সেই সময় এলাকায় বৃষ্টিও হচ্ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
তবে এই দুর্ঘটনা নিছক একটি নির্মাণ বিপর্যয় বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এর আগেও বর্ষার সময় এই সেতু ভেসে গিয়েছিল। তাহলে সেই অভিজ্ঞতা থেকে কী শিক্ষা নেওয়া হয়েছিল? নির্মাণকাজে পর্যাপ্ত নজরদারি ছিল কি? প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা কী ছিল?
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, সেতুটি এখনও সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালুই হয়নি। অথচ তার আগেই নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়ল! যে সেতু মানুষের যাতায়াতকে নিরাপদ ও সহজ করার কথা, সেই সেতু নির্মাণের সময়ই শ্রমিকদের জীবন বিপন্ন হচ্ছে। এবার প্রশ্ন, নির্মাণের গুণমান যাচাইয়ের দায়িত্বে কারা ছিলেন? কেন এই বিপর্যয় ঘটল? ঘটনার নিরপেক্ষ তদন্ত, নির্মাণের গুণমান পরীক্ষা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। উন্নয়নের নামে নিম্নমানের কাজ ও দায়িত্বহীনতার কোনও অজুহাত গ্রহণযোগ্য নয়। মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।
Bridge Collapses
নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে আলিপুরদুয়ারে জখম ৪ শ্রমিক
×
Comments :0