Gujarat Gas Migrants

নেই সিলিন্ডার, গ্যাস কেজিতে ৫০০ টাকা, গুজরাট ছাড়ছেন পরিযায়ীরা

জাতীয়

কাজ আছে। কিন্তু রান্না করে খাবার খাওয়া কঠিন। চড়চড়িয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। ফলে আপাতত ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। 
অন্য কোথাও নয়। এই অবস্থা নরেন্দ্র মোদী-অমিত শাহের নিজের রাজ্য গুজরাটের। 
সংবাদমাধ্যমে মুখও খুলছেন পরিযায়ীরা। এক শ্রমিক সীমা দেবী বলেছেন, ‘‘গত পনের দিন ধরে গ্যাস পাচ্ছি না। সবরকম চেষ্টা করেও পাইনি। আমার ছেলেমেয়েদের নিয়ে আমি আর স্বামী এখানে থাকি। খাবার তৈরি করতে না পারলে আর সব কাজ হবে কী করে!’’
গুজরাটের তো বটেই, দেশেরও অন্যতম বড় ব্যবসায়িক কেন্দ্র সুরাট। সারা দেশের থেকে আসেন মানুষ।
কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যদিও নিয়ম করে বলে চলেছে যে পর্যাপ্ত মজুত দেশে আছে। কালোবাজারি এবং কৃত্রিম সঙ্কট মোকাবিলায় রাজ্যগুলিকে সতর্ক হতেও বলা হয়েছে। গুজরাটের সরকারে রয়েছে বিজেপি। 
আরেক শ্রমিক কমল পাল বলেছেন, ‘‘যে বাড়িতে থাকি সেখানে কাঠকুটো জ্বেলে রান্না করা বারণ। বাড়ির মালিক কড়া নির্দেশ দিয়েছেন। এদিকে গ্যাস নেই। বাড়ি না ফিরে উপায় কী।’’
শ্রমিকরা জানাচ্ছেন গ্যাসের সিলিন্ডার পেতে হয়রান হতে হচ্ছে। কালোবাজারে প্রতি কেজিতে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে গ্যাস। 
এদিকে কেন্দ্র রবিবার জানিয়েছে যে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজের ওপর যাতে আক্রমণ না হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন।
ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। ইরান ভারতের দীর্ঘদিনের বন্ধু দেশ হলেও হামলার নিন্দা জানায়নি মোদী সরকার। এমনকি সার্বভৌম ইরানের রাষ্ট্রীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার নিন্দাও পর্যন্ত জানায়নি ভারত। আমেরিকার অনুচরবৃত্তির বিপক্ষে স্বর উঠেছে দেশের মধ্যেও। যুদ্ধের ফলে এখন বিশ্বের অন্য দেশগুলির পাশাপাশি ভারতেও পড়ছে।

Comments :0

Login to leave a comment