আদিবাসীদের জীবিকা এবং বাসস্থানের তোয়াক্কা না করে চলছিল রাস্তা তৈরির কাজ। জঙ্গল এলাকায় বেসরকারি সংস্থার বক্সাইট খনির সঙ্গে যোগাযোগের জন্য এই প্রকল্প। আদিবাসী মানুষের বাধার জেরে পরিস্থিতি তপ্ত হয়ে উঠল ওড়িশার রায়গড়ায়। অন্তত ৪০ জন আহত।
রায়গড়া জেলার কাশিপুর ব্লকের সগাবারিতে হয়েছে সংঘর্ষ। স্তানীয় আদিবাসী মানুষ দীর্ঘদিন এই রাস্তার বিরোধিতা করছেন। বক্সাইট খনির জন্য এই পরিকাঠামো তৈরি হচ্ছে তাঁদের বাস্থানের ওপর দিয়ে। রোজগার, আবাসের শঙ্কা বারবার জানিয়েছেন তাঁরা।
এদিকে ওড়িশার বিজেপি সরকারের বয়ান অনুযায়ী, স্থানীয় একাংশ লাঠি, পাথর এবং ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে। নির্মাণকর্মীরা কাজের জন্য এলাকায় আসতেই বাধার মুখে পড়েন। গ্রামবাসীরা বহুদিন ধরে জঙ্গল কেড়ে নেওয়ার এই প্রকল্পের বিরোধিতা করছেন। তাঁরাই বাধা দেন।
রায়গড়ার পুলিশ সুপার স্বাথী এস কুমার বলেছেন, পুলিশের ওপর আক্রমণ হয়। পুলিশ পালটা ব্যবস্থা নেওয়ায় ৩০ জন আহত হন। পুলিশকর্মীরাও আহত হয়েছেন।
আদিবাসী এলাকায় বেদান্ত বা আদানির মতো সংস্থার প্রকল্প ঘিরে বিভিন্ন সময়েই বিরোধ তীব্র হয়েছে। জমি, জল, জঙ্গল কেড়ে নেওয়ার প্রতিবাদে সংগঠিত হয়েছেন মানুষ।
এদিকে কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসী প্রধান এবং খনিজ সমৃদ্ধ এলাকাকে ‘মাওবাদী মুক্ত’ করার লক্ষ্য জানিয়েছে। অভিযোগ কর্পোরেটের হাতে প্রাকৃতিক সম্পদ তুলে দিতে স্থানীয় সব প্রতিবাদকেই মাওবাদী সন্ত্রাস বলে দেগে দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত বিপদে পড়ছেন স্থানীয় মানুষ।
রায়গড়ার পুলিশ বলেছে যে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এলাকায় মোতায়েন হয়েছে বাহিনী।
Odisha Mine Clash
ওড়িশায় খনি প্রকল্প ঘিরে আদিবাসীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের
রায়গড়ায় আদিবাসী মানুষের বিক্ষোভ রায়গড়ায়।
×
Comments :0