ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে পরিকল্পনা করার অবস্থাতেই নেই ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার মধ্যে পালটে যাচ্ছে বক্তব্য। এমনকি ট্রাম্পের বক্তব্যের সঙ্গে মিল থাকছে না সচিব স্তরের অন্যদের।
আমেরিকার সংবাদ প্রতিষ্ঠান সিবিএস-কে সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি। তিনি দাবি করেছেন যে যুদ্ধ শেষ। ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘ আমি মনে করি যুদ্ধ শেষ।’’ ফ্লোরিডার গল্ফ ক্লাব থেকে তিনি বলেন, ‘‘ইরানের কোনও নৌবাহিনী নেই, তাদের কোনও বিমানবাহিনী নেই। ওদের ক্ষেপণাস্ত্র ছিটকে এদিক ওদিক পড়ছে। ওদের ড্রোন উড়িয়ে দেওয়া হচ্ছে। ড্রোন তৈরির জায়গাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’’
প্রায় একই সময়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট দেয় প্রতিরক্ষা বিভাগ। সেখানে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বক্তব্যও ছিল। হেগসেথ বলেন, ‘‘লড়াইয়ের সবে শুরু। ৫০ হাজার মার্কিন সেনা যুদ্ধে যোগ দিয়েছে। ইরানের ৩ হাজার লক্ষ্যে আঘাত করা গিয়েছে। লক্ষ্য পূরণের প্রচার স্রেফ করা হচ্ছে না। যেমন প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ বুশ করতেন।’’
এই সাক্ষাৎকারের কিছু পরেই আমেরিকান কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সঙ্গে মিলিত হন ট্রাম্প। সেখানেই বক্তব্য বদলে যায়।
ট্রাম্প বলেন, ‘‘অনেক কারণেই বলা যায় যে আমরা জিতে গিয়েছি। কিন্তু এখনই সে কথা বলতে চাই না। আমরা নির্ণায়ক জয় অর্জন করতে চাই। দীর্ঘদিনের বিপদকে (ইরান) বরাবরের মতো জয় করতে চাই।’’
যুদ্ধ শেষ হবে কবে এই প্রশ্ন জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। তার অন্যতম কারণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম চড়ে যাচ্ছে। সরবরাহ বন্ধের মুখে। দেশে দেশে নিজস্ব ভাণ্ডার থেকে কাজ চলছে। ফলে যুদ্ধ অনির্দিষ্ট সময় ধরে চললে জনজীবনে সমস্যা ঘোরালো হবে আরও। ভারতের মতো বিভিন্ন দেশেই গার্হস্থ্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে গ্যসের ব্যবহারে রাশ টানার নীতিতে চলছে।
সেই অবস্থাতেই ট্রাম্পের পরস্পরবিরোধী নানা মন্তব্যে বাড়ছে সমস্যা। ইরানের সামরিক ক্ষমতা সম্পর্কেও আমেরিকার হিসেব মিলছে না। ট্রাম্প সিবিএস’র সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে ইরান ঠুঁটো হয়ে গিয়েছে। তারপরই আবার বলেছেন, ইরান যা দেখছে তার ওপরই গুলি চালাচ্ছে।
প্রশ্ন উঠছে, ট্রাম্পের কোন কথা ঠিক!
Trump Iran
ঘন্টায় ঘন্টায় কথা বদল ট্রাম্পের, অনিশ্চিত যুদ্ধের মেয়াদ
×
Comments :0