USA Itan

ভেঙে পড়ল আমেরিকার ‘ট্যাঙ্কার বিমান‘, দাম বাড়ছে তেলের

আন্তর্জাতিক

আকাশে জ্বালানি ভরার বিমান আমেরিকার কেসি-১৩৫ ভেঙে পড়েছে ইরাকের আকাশে। ‘ট্যাঙ্কার বিমানের‘ সঙ্গে আরও একটি বিমান ছিল। তবে সেটি নিরাপদে নেমেছে বলে দাবি আমেরিকার।
মধ্য প্রাচ্যে আমেরিকার সেনাবাহিনীর বিভাগ ‘সেন্ট্রাল কমান্ড‘ দাবি করেছে বিমানে মোট ৬ কর্মী ছিলেন। তাঁদের চারজনের মৃত্যু হয়েছে। তবে শত্রুপক্ষের আক্রমণে গুরুত্বপূর্ণ এই বিমান ঘায়েল হয়েছে, এমন সম্ভাবনাকে নাকচ করার চেষ্টা হয়েছে প্রচারে।
‘সেনকম‘ বলেছে, কিভাবে বিমানটি ভেঙে পড়ল তদন্ত করে দেখা হচ্ছে। তবে ইরাকের আকাশে শত্রুপক্ষের হানাদারি দুর্ঘটনার কারণ নয়।
কেসি-৩৫ বিমানের সাহায্যে আকাশেই তেল ভরতে পারে যুদ্ধ বিমান। আকাশে না নেমে দীর্ঘক্ষণ অপারেশন চালাতে পারে। মার্কিন বিমানবাহিনীর যুদ্ধ অভিযানে বিশেষ গুরুত্বপূর্ণ বলে এই বিমানকে মনে করেন বিশেষজ্ঞরা।
এর আগে কুয়েতের আকাশে আমেরিকার একাধিক যুদ্ধ বিমান ভেঙে পড়ে। তখনও আমেরিকা প্রচার করে যে সঙ্গী দেশ কুয়েতের সেনা ‘ভুল করে‘ আমেরিকার বিমানে হামলা চালিয়েছে। ঘটনা হলো, ইরান যুদ্ধ বিমান বিশেষ ব্যবহারই করছে না। কিছু ক্ষেপণাস্ত্র এবং বহু ড্রোন হামলায় অতিষ্ঠ করে দিচ্ছে আমেরিকা এবং ইজরায়েলের সেনাকে।
এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে তাদেরই ক্ষেপণাস্ত্র হানায় একটি নয়, দু’টি কেসি-১৩৫ বিমান বিকল হয়ে গিয়েছে।  
ইরানের রাজধানী তেহরানে হামলা ফের চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। পাশাপাশি, মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে, যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, তার ওপর ইরানের ড্রোন হামলাও অব্যাহত রয়েছে।  
ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করে আমেরিকা এবং ইজরায়েল। টানা ১৪ দিন যুদ্ধের পরও ইরানকে কাবু করা যায়নি। ইরানে বসতি এলাকায় একের পর হামলায় অন্তত ২ হাজার নিরস্ত্র মানুষ নিহত হয়েছেন। একটি স্কুলে আমেরিকা টোমাহক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় মৃত্যু হয়েছে ১৬৮ স্কুল ছাত্রীর। রাষ্ট্রীয় নেতা পদে আসীন হয়ে প্রথম ভাষণে ইরানের মুজতবা খামেনেই ঘোষণা করেছেন যে ইজরায়েল এবং আমেরিকাকে এই হত্যার দাম দিতে বাধ্য করা হবে। 
এদিকে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। গুরুতর ব্যাহত বাণিজ্য। মধ্য প্রাচ্যের সব দেশে গুরুতর প্রভাব পড়েছে। ইরানে আর্থিক প্রতিষ্ঠানের ওপর হামলা হয়েছে। ইরানও আমেরিকার সঙ্গী দেশগুলির আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে। ব্যবসায়িক লেনদেন লাটে উঠছে।

Comments :0

Login to leave a comment