মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর এবার বদলাতে শুরু করেছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দ্বিপাক্ষিক সম্পর্কের বদল হতে চলেছে। শীঘ্রই স্বাভাবিক হতে চলেছে ভারতীয় ভিসা প্রক্রিয়া। দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে ভিসা প্রক্রিয়া বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানান, বর্তমানে সীমিত পরিসরে চালু থাকা ভিসা পূর্ণাঙ্গভাবে চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। অনিরুদ্ধ দাস বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ধরণের ভিসা বন্ধ রয়েছে। তবে এসব ভিসা পুনরায় চালুর জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসার কাজ দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সীমিত করা হয়। মেডিকেল ভিসা ছাড়া অধিকাংশ ভিসা বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ভিসার কাজ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে সহকারী হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। দুই দেশের জনগণই এই ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। ঐতিহাসিকভাবে দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
Bangladesh
দ্রুতই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা প্রক্রিয়া: সহকারী হাই কমিশনার
×
Comments :0