LPG

হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছাল দ্বিতীয় এলপিজি কার্গো ‘নন্দ দেবী’

জাতীয় আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যেই স্বস্তির খবর ভারতের জন্য। সোমবারের পর মঙ্গলবার ভোরে আরও একটি বিশাল এলপিজি (LPG) ট্যাঙ্কার নিরাপদে ভারতের উপকূলে এসে পৌঁছাল। প্রায় ৪৬,০০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে ভারতীয় জাহাজ ‘নন্দ দেবী’ মঙ্গলবার ভোরে গুজরাট উপকূলে এসে পৌঁছায়।
এর আগে গত সোমবারই প্রায় ৪০,০০০ মেট্রিক টন এলপিজি নিয়ে ‘শিভালিক’ নামের অপর একটি জাহাজ গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল। মাত্র দুই দিনের ব্যবধানে দুটি বড় জাহাজ আসায় দেশে জ্বালানি সরবরাহে বড়সড় ঘাটতির আশঙ্কা আপাতত কাটল বলে মনে করা হচ্ছে।
গত মাসে শুরু হওয়া আমেরিকা-ইজরায়েল যুদ্ধের পাল্টা জবাবে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ করে দেয়। ওই এলাকায় ড্রোন ও মিসাইল হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে জাহাজ চলাচলের ঝুঁকি এড়াতে ময়দানে নামে ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।
নন্দ দেবীর চিফ অফিসার জানিয়েছেন, জাহাজটিকে নিরাপদে পার করে আনতে ভারতীয় ও ইরানি নৌবাহিনী বিশেষ সহায়তা করেছে। এই যৌথ উদ্যোগের ফলেই অত্যন্ত বিপজ্জনক ‘চোক পয়েন্ট’ হরমুজ প্রণালী সফলভাবে অতিক্রম করা সম্ভব হয়েছে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাহাজটির কান্দলা বন্দরে আসার কথা থাকলেও, পরে সিদ্ধান্ত বদল করা হয়। সরবরাহ দ্রুত করতে জাহাজটিকে মাঝসমুদ্রেই অর্থাৎ ভাদিনারের কাছে রাখা হয়েছে।

Comments :0

Login to leave a comment