প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইজরায়েল সফরের সমালোচনা করে বিবৃতি দিল সিপিআই(এম) পলিট ব্যুরো। প্রধানমন্ত্রীর এই সফরকে ‘প্যালেস্তাইনের স্বার্থের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা’ বলে চিহ্নিত করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। বুধবার দলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে মোদী সরকারের বিদেশনীতিকে কাঠগড়ায় তোলা হয়েছে।
সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন এক সময়ে এই সফর হতে চলেছে যখন গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইজরায়েল প্রতিদিন গাজায় হামলা চালাচ্ছে, যাতে প্রাণ হারাচ্ছেন অসংখ্য প্যালেস্তাইনীয় নাগরিক। অধিকৃত পশ্চিম তীরে প্যালেস্তাইনীয়দের ওপর হামলা এবং অবৈধ বসতি স্থাপনের কাজও সমানতালে চালিয়ে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
পলিট ব্যুরোর কথায়, এই সফরের মাধ্যমে ভারত সরকার আসলে নেতানিয়াহুর ‘খুনি’ সরকারকে আন্তর্জাতিক ক্ষেত্রে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, এই সফরের আসল উদ্দেশ্য হলো ইজরায়েলের মতো এক সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করা। সিপিআই(এম)-এর মতে, ‘আমেরিকার মদতে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে কাজ করছে ইজরায়েল। বিশেষত যখন আমেরিকা ইজরায়েলের প্ররোচনায় ইরানের ওপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ভারতের এই পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অশোভন।’
সিপিআই(এম)-এর অভিযোগ, এই সফরের মধ্য দিয়ে বিজেপি সরকার আবারও প্রমাণ করল যে তারা পশ্চিম এশিয়ায় ‘মার্কিন-ইজরায়েল অক্ষের’ কাছে নিজেদের সঁপে দিয়েছে। ভারতের দীর্ঘদিনের প্যালেস্তাইন-পন্থী অবস্থান থেকে সরে এসে কেন্দ্র প্যালেস্তাইনের মানুষের লড়াইকে অপমান করছে বলেও দাবি করেছে পলিট ব্যুরো।
CPI(M) POLITBUREAU
প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর ‘প্যালেস্তাইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা’: তীব্র সমালোচনা সিপিআই(এম)’এর
×
Comments :0