CPIM KERALA

ত্রিশুর ও নেমোমে বিজেপির জয়ের নেপথ্যে কংগ্রেসই: অভিযোগ সিপিআই(এম) রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দনের

জাতীয়

২০২৪ সালের ত্রিশুর লোকসভা কেন্দ্র এবং ২০১৬ সালের নেমোম বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করলেন কেরালা সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন। শুক্রবার তিনি অভিযোগ করেন, কংগ্রেসের ভোট কমার কারণেই এই দুই কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে সক্ষম হয়েছে।
ইউডিএফ-এর পক্ষ থেকে সম্প্রতি সিপিআই(এম)-বিজেপি গোপন আঁতাতের যে অভিযোগ তোলা হয়েছিল, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কড়া জবাব দেন গোবিন্দন। তিনি জানান, বামপন্থীরা সর্বদা আরএসএস এবং বিজেপির ধারাবাহিকভাবে বিরোধিতা করে এসেছে। উল্টে তার অভিযোগ, বিরোধী দলনেতা ভি ডি সতীসানের নেতৃত্বে কংগ্রেসই সংঘ পরিবারের নেতাদের সাথে আলোচনায় বসেছিল।
গোবিন্দন জানান, কেরালায় বিজেপির একমাত্র বিধানসভা জয়টি এসেছিল নেমোম থেকে এবং লোকসভায় তাদের একমাত্র জয় ত্রিশুরে। তার দাবি, এই দুটি জয়ই সম্ভব হয়েছে কংগ্রেসের ভোট কমার কারণে। তিনি নির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘লোকসভা নির্বাচনে ত্রিশুরে কংগ্রেসের ভোট ৮৪,০০০ কমে যায়। এর ফলে বিজেপি ৭৪,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়, অথচ সেখানে আমাদের ভোট ১৬,০০০ বৃদ্ধি পেয়েছে। তাহলে বিজেপির জয়ে কে সাহায্য করল?’ তিনি জানান, ত্রিশুরে কংগ্রেস কীভাবে তৃতীয় স্থানে নেমে গেল, তা ভোটাররা সহজেই বুঝতে পারবেন।
তিনি বলেন, ‘নেমোমে ইউডিএফ-এর ভোট ২৯,০০০ কমে যাওয়ায় বিজেপি নেতা ও. রাজাগোপালের জয় নিশ্চিত হয়েছিল।’
২০১৬ সালে বিজেপি নেমোমে খাতা খুললেও, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামেরা যে ওই আসনটি পুনরুদ্ধার করেছিল, সে কথাও মনে করিয়ে দেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক। গত বছরের স্থানীয় নির্বাচনের ফলাফলের প্রবণতা উল্লেখ করে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে, আগামী দিনে ত্রিশুরেও ঠিক একই ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে।
গোবিন্দন অভিযোগ করেন যে, কংগ্রেস এমন একটি বিরোধী দল যারা রাজ্যের সমস্ত উন্নয়নের বিরোধিতা করে। তিনি সতর্ক করে বলেন, কংগ্রেসের এই নেতিবাচক অবস্থান আসন্ন নির্বাচনে তাদের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Comments :0

Login to leave a comment