Iran Israel War

যুদ্ধ এখনই শেষ নয় হুমকি ইরানের

আন্তর্জাতিক

ইজরায়েল-আমেরিকা ও ইরান যুদ্ধের উত্তাপ এখন চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ‘দ্রুত শেষ হওয়ার’ মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তেহরান সাফ জানিয়ে দিল, এই যুদ্ধ কখন থামবে তা ঠিক করবে ইরানই। ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) এক বিবৃতিতে হুঙ্কার দিয়েছে যে, এই অঞ্চলের ভবিষ্যৎ সমীকরণ এখন তাদের সশস্ত্র বাহিনীর হাতে।
সম্প্রতি ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ইরান অভিযানকে একটি ‘ক্ষুদ্র ভ্রমণ’ হিসেবে চিহ্নিত করেন এবং দাবি করেন এই সংঘাত খুব শীঘ্রই শেষ হবে। এর কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘যদি ইরান হরমোজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোন দুঃসাহস দেখায়, তবে আমেরিকার পক্ষ থেকে তাদের ওপর আগের চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালানো হবে। আমরা এমন সব লক্ষ্যবস্তু ধ্বংস করব যা ইরানকে একটি রাষ্ট্র হিসেবে পুনরায় গড়ে তোলা অসম্ভব করে তুলবে।’
পাল্টা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমেরিকান বাহিনী এই যুদ্ধ শেষ করতে পারবে না। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং যুদ্ধের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে।’
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই পদক্ষেপকে ইরান সরকারের কঠোর অবস্থানের সংকেত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
অন্যদিকে যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথে পরিবাহিত হয়। ইরানের অবরোধের হুমকিতে কাতার, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলো তেল রপ্তানিতে 'ফোর্স মেজিউর' ঘোষণা করেছে।
যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন এই সঙ্কট মেটানোর কিছু কূটনৈতিক প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ হরমোজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 'প্রতিরক্ষামূলক মিশন' চালুর ইঙ্গিত দিয়েছেন।

Comments :0

Login to leave a comment