Mamdani

রাজা তৃতীয় চার্লসকে কোহিনুর ফেরানোর আহ্বান জানাবেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে ঐতিহাসিক কোহিনুর হীরা ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে উৎসাহিত করবেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার তিনি এই মন্তব্য করেন।
ভারতীয় বংশোদ্ভূত মামদানি ১১ সেপ্টেম্বরের (৯/১১) হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের আগে এই কথা বলেন। রাজার সাথে কথা বলার সুযোগ পেলে তিনি কী বিষয়ে আলোচনা করবেন —  এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নিউইয়র্কে ব্রিটেনের রাজা পরিবারের সাথে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে মামদানি বলেন, ‘যদি আমি রাজার সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ পাই, তবে সম্ভবত আমি তাকে কোহিনুর হীরা ফিরিয়ে দেওয়ার জন্যই উৎসাহিত করব।’
মামদানির সাথে ব্রিটেনের রাজার সাক্ষাৎ হলেও তাদের কথায় হীরার বিষয়টি উঠে এসেছিল কি না, তা এখনও অস্পষ্ট। করমর্দনের পর রাজাকে মামদানির সাথে হাসিমুখে এবং সংক্ষিপ্ত কথা বলতে দেখা যায়।
এই মন্তব্যটি এমন এক সময়ে এল যখন ভারত দীর্ঘদিন ধরে হীরাটি ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। ঔপনিবেশিক আমলে ভারত থেকে নিয়ে যাওয়া এই হীরাটি বর্তমানে ব্রিটিশ ক্রাউন জুয়েলস বা রাজকীয় রত্নভাণ্ডারের অংশ।
বাকিংহাম প্যালেস মামদানির মন্তব্যের বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি। মেয়রের কার্যালয়ও তাদের মধ্যকার আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
কোহিনুর একটি ১০৫.৬ ক্যারেটের হীরা, যা ভারতে খনন করা হয়েছিল। এটি বিভিন্ন রাজবংশের হাত ঘুরে ১৮৪৯ সালে লাহোর চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে যায়। ওই চুক্তির মাধ্যমে রাজা মহারাজা দুলীপ সিংকে এটি সমর্পণ করতে বাধ্য করা হয়েছিল। বর্তমানে এটি রানি এলিজাবেথের মুকুটে খচিত রয়েছে এবং টাওয়ার অফ লন্ডনে প্রদর্শিত হচ্ছে।
ভারত দৃঢ়ভাবে দাবি করে আসছে যে, শিখ রাজার কাছ থেকে এই রত্নটি জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল। এটিকে ঔপনিবেশিক শোষণের প্রতীক হিসেবে বিবেচনা করে ভারত ধারাবাহিকভাবে এটি প্রত্যাবর্তনের দাবি জানিয়ে আসছে। ভারত এর আগে বলেছে যে, হীরাটি "আমাদের দেশের ইতিহাসের সাথে গভীরভাবে যুক্ত শিল্পের একটি মূল্যবান নিদর্শন।"
তবে, যুক্তরাজ্য ঊনবিংশ শতাব্দীর চুক্তির ভিত্তিতে এর আইনি মালিকানা দাবি করে আসছে। ব্রিটিশদের হাতে যাওয়ার আগে ভারতীয় বংশোদ্ভূত এই হীরাটি ভারতীয় সম্রাটদের পাশাপাশি মুঘল, পারস্যের শাহ এবং আফগান আমিরদের মতো বেশ কয়েকজন শাসকের হাত ঘুরেছে।

Comments :0

Login to leave a comment