Trump

ট্রাম্পের নৈশ ভোজে গুলি, আটক অভিযুক্ত

আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উপস্থিতিতে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলাকালীন ভয়াবহ গুলির ঘটনায় আটক সন্দেহভাজনের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে শটগান হাতে এক ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে ঢোকার চেষ্টা করলে এই আতঙ্কের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অস্পষ্ট ছবিতে দেখা যায়, মাটিতে ফেলে এক ব্যক্তিকে চেপে ধরে রেখেছেন সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। সন্দেহভাজন ওই ব্যক্তির গায়ে কোন পোশাক ছিল না এবং শরীরের নিচের অংশ একটি চাদর দিয়ে ঢাকা ছিল। ছবিটি এক্সে হ্যান্ডেলে প্রথম শেয়ার করে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'আরটি' (RT)।
পরবর্তীতে ট্রাম্প নিজেও সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত ওই বন্দুকবাজের একটি হাই-রেজোলিউশন ক্লোজ-আপ ছবি শেয়ার করেন।
মার্কিন কর্তাদের মতে, একজন সশস্ত্র ব্যক্তি জোরপূর্বক অনুষ্ঠানস্থলের নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টা করলে এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। গুলির শব্দ শোনার পরপরই নৈশভোজে উপস্থিত অতিথিদের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কিন সিক্রেট সার্ভিসের কমব্যাট গিয়ার পরা অফিসাররা ডাইনিং রুমে ছুটে আসার সাথে সাথে শত শত অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। ব্যাংকোয়েট হলে শোরগোল শুরু হলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি ডায়াসের পেছনে মাথা নিচু করেন এবং সিক্রেট সার্ভিস অফিসাররা দ্রুত তাদের সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যান। গুলির শব্দে অন্যান্য অতিথিরাও প্রাণ বাঁচাতে মাটিতে শুয়ে পড়েন।
নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল, তখন প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ নিশ্চিত করেন যে "বন্দুকবাজকে আটক করা হয়েছে।"
তিনি লেখেন, "ওয়াশিংটন ডিসিতে বেশ একটি রোমাঞ্চকর সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো অসাধারণ কাজ করেছে।" এর কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে জানান, "ফার্স্ট লেডি, সেই সাথে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সকল সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন।"
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক এফবিআই কর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি এক সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছিল। তবে গুলিটি তার সুরক্ষামূলক পোশাকে (বুলেটপ্রুফ ভেস্ট) আঘাত করায় তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, অনুষ্ঠানের প্রবেশদ্বারের মূল স্ক্রিনিং এলাকার কাছে ঘটা এই গুলির ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস।

Comments :0

Login to leave a comment