পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মাঝেই বড়সড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি দাবি করেছেন যে, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনি হয় মারা গেছেন অথবা তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একইসঙ্গে তার দাবি, মার্কিন সামরিক অভিযানে তেহরানের শীর্ষ নেতৃত্ব কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি পঙ্গু করে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, আমেরিকার সামরিক বাহিনী ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে। তাদের বিমান বাহিনী, নৌবহর এবং কমান্ড কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।
ট্রাম্প বলেন, ‘তাদের নেতারা মৃত। তাদের সুপ্রিম লিডার আর সুপ্রিম নেই, তিনি মারা গেছেন। তার ছেলেও হয় মৃত অথবা অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, কারণ তার সম্পর্কে কেউ কিছু শোনেনি।’
ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের ২২টি মাইন-নিক্ষেপকারী জাহাজ ছিল, যার ২২টিই শেষ। তাই আমার মনে হয়, তারা এখনও মাইন ফেলতে পারে, তবে সাধারণ নৌকায় করে সেগুলো নিয়ে যেতে হবে, কারণ তাদের কোনও জাহাজ আর অবশিষ্ট নেই। তাদের বিমান বাহিনী পুরোপুরি শেষ। তাদের কোনও বিমান অবশিষ্ট নেই।’
ট্রাম্প বারবার জোর দিয়ে বলেন যে, ইরানে এখন আর কোনও কার্যকরী নেতৃত্ব নেই। তিনি কটাক্ষ করে বলেন, ‘এটিই বিশ্বের একমাত্র দেশ, যেখানে কেউ নেতৃত্ব দিতে চায় না।’
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে ইরানের সর্বচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর, তার ছেলে মোজতাবা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন। জানা গিয়েছে, হামলার সময় মোজতাবা একই বাসভবনে উপস্থিত ছিলেন এবং আহত হন।
ইরান মোজতাবার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও, তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট কিছু জানাননি। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তিনি কোমায় রয়েছেন। নতুন পদে আসীন হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি, যদিও চলমান সংঘাতের মাঝে তিনি একটি অডিও বার্তাসহ দুটি বিবৃতি দিয়েছেন।
এদিকে পশ্চিম এশিয়ায় সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ইজরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় আরব দেশগুলোতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হওয়া এক হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এই হামলায় ঘাঁটিতে থাকা বেশ কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ইজরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। মার্কিন বাহিনীও ইরানে তাদের হামলা অব্যাহত রেখেছে।
তবে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও, ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি আপাতত স্থগিত রেখেছেন।
Iran Israel USA
ইরানের নতুন সুপ্রিম লিডার মৃত অথবা সংকটাপন্ন, সামরিক সক্ষমতাও ধ্বংস ইরানের: দাবি ট্রাম্পের
×
Comments :0