কলকাতা কর্পোরেশনে বাজেটে সাংসদদের এলাকা উন্নয়ন প্রকল্পে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ দেখানো হয়েছে।
দেখা যাচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষে শুধু সাংসদ তহবিল থেকে ২ কোটি ৭৫ লক্ষ ৪৪ হাজার টাকা খরচ হবে।
প্রশ্ন উঠছে, কিভাবে আগামী ২০২৬-২৭ অর্থবর্ষে সাংসদ তহবিল থেকে ১০০ কোটি টাকা খরচের হিসেব দেখানো হলো কর্পোরেশনের বাজেট।
কলকাতা কর্পোরেশেনে আগের বারই এই অঙ্ক দেখানো হয়েছিল। কিন্তু খরচ হয়েছে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা।
কেবল এই একবারই নয়। ২০২৪-২৫ অর্থবর্ষেও ‘এমপি ল্যাড‘ থেকে ২ কোটি ২২ লক্ষ ২৪ হাজার টাকা খরচ হয়েছিল।
কর্পোরেশনের মাসিক অধিবেশনে প্রশ্ন উঠেছে এই হিসেব নিয়েই। এ সংক্রান্ত প্রশ্নে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৮ মার্চ পর্যন্ত এমপি ল্যাডে ৯৩ লক্ষ ৯৬ হাজার টাকার কাজ সম্পন্ন হয়েছে। ৭ কোটি ৫৬ লক্ষ ৭৯ হাজার টাকার কাজ চলছে। এমএলএ ল্যাডে ৩ কোটি ৮৩ লক্ষ ৩৯ হাজার টাকার কাজ সম্পন্ন হয়েছে। ৬ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার টাকার কাজ চলছে।"
ঘটনা হলো সব মিলিয়েও অঙ্ক ১০০ কোটির কাছাকাছি পৌঁছাচ্ছে না।
কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে সংসদীয় কেন্দ্র রয়েছে দু’টি। কলকাতা উত্তর এবং দক্ষিন। সেই সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ওয়ার্ড। ফলে সেখানেও কিছু অর্থ আসার সম্ভাবনা রয়েছে।
এই ৩ জন সাংসদের পাশাপাশি কলকাতায় ১৬ জন বিধায়ক রয়েছেন। সকলের এলাকা উন্নয়ন তহবিলের মোট অর্থ যুক্ত করলে ১০০ কোটি টাকার কম হচ্ছে বছরে। সাংসদরা এলাকা উন্নয়ন তহবিলে বছরে পান ৫ কোটি টাকা। বিধায়করা পান বছরে ৬০ লক্ষ।
কর্পোরেশনে এই হিসেব নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূলের কাউন্সিলর বিশ্বরূপ দে। তার ব্যাখ্যা মেয়রের জবাবে মেলেনি।
কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন যে সাংসদদের এলাকা উন্নয়ন তহবিলের টাকা কর্পোরেশনের বাজেটের অন্তর্ভুক্ত হতে পারে না। তিনি বলেছেন, "এই ধরণের হিসাব আসলে লোক ঠকানোর কারবার। সাংসদ-বিধায়করা তাঁদের এলাকা উন্নয়নের জন্য ল্যাডের টাকা খরচ করতে পারেন। সেই কাজ পরিচালনা করার দায়িত্ব কর্পোরেশন নিতে পারে। কিন্তু তা কর্পোরেশনের বাজেটের অন্তর্ভুক্ত হতে পারে না।"
তিনি আরও বলেছেন, "বাজেটে একাধিক খাতে দেখানো হচ্ছে টাকা খরচ করা হবে। কিন্তু সেই টাকা খরচ হচ্ছে না। আসলে কর্পোরেশনের আয়ের উৎসের দিকে জোর দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনকে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য সরকারের বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আবার রাজ্য সরকারও কর্পোরেশনকে বরাদ্দ টাকা দিচ্ছে না।"
kmc budget
এমপি ল্যাড-এ ১০০ কোটি! প্রশ্নে কলকাতা কর্পোরেশেনের বাজেট
×
Comments :0