Mathabhanga Lynching

মাথাভাঙায় নাবালক ফেরিওয়ালাকে বেধড়ক মার হিন্দুত্ববাদীদের

রাজ্য জেলা

 প্রথমে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে এক নাবালক ফেরিওয়ালাকে ঘিরে মারধরের করল হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। পুলিশের কাছে অভিযোগের পক্ষে কোনও প্রমাণ না মেলায় এবার ওই কিশোরকে ‘উগ্রপন্থী’ ও ‘চর’ বলে দাবি করে ই-মেলে অভিযোগ দায়ের করা হয়েছে। শেষ পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতেই আক্রান্ত নাবালককে জুভেনাইল কোর্টে হাজির করার উদ্যোগ নিতে হয়েছে পুলিশকে। মাথাভাঙা পুলিশের এক আধিকারিকের কথায়, ‘‘কী হয়েছে, কী হচ্ছে, সবাই বুঝতে পারছি।’’
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে মাথাভাঙা শহরের ১ নম্বর ওয়ার্ডে। মুর্শিদাবাদের রেজিনগরের ১৭ বছরের শাহরুখ মল্লিক একটি ফেরিওয়ালা দলের সঙ্গে এলাকায় ঘুরে গৃহস্থালির আসবাবপত্র বিক্রি করছিলেন। চুল, ভাঙা মোবাইল ইত্যাদির বিনিময়ে সামগ্রী বিক্রি করাই তাঁদের কাজ। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন কর্মী এবং ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে মারধর শুরু করে। তাঁর মোবাইলও কেড়ে নেওয়া হয়।
আক্রমণকারীদের অভিযোগ ছিল, মোবাইলে মহিলাদের অশ্লীল ছবি ও ভিডিও রেখে তাঁদের ব্ল্যাকমেল করতেন শাহরুখ এবং ধর্মান্তরিত করতেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু ওই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এরপর থানায় সরাসরি অভিযোগ না করে ই-মেল ও ডাকযোগে অভিযোগ পাঠানো হয় বলে সূত্রের খবর। মাথাভাঙা ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর বিশ্বাসের নামে পাঠানো ওই অভিযোগে শাহরুখকে ‘অসৎ কাজের’ সঙ্গে যুক্ত বলে দাবি করার পাশাপাশি মোবাইলে অশ্লীল ছবি-ভিডিও রেখে মানুষকে ব্ল্যাকমেল ও ধর্মান্তরিত করার অভিযোগ তোলা হয়েছে। আরও গুরুতর অভিযোগ করে তাঁকে ‘সরকারি তথ্য পাচারকারী’ এবং ‘সশস্ত্র উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত’ বলে দাবি করা হয়েছে।
প্রথম অভিযোগের সমর্থনে প্রমাণ না পাওয়া সত্ত্বেও দ্বিতীয় অভিযোগের ভিত্তিতে পুলিশ শেষ পর্যন্ত কিশোরকে জুভেনাইল কোর্টে হাজির করার জন্য বৃহস্পতিবার কোচবিহারে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ৪০ জনের একটি ফেরিওয়ালা দল বেশ কিছুদিন ধরে মাথাভাঙা ও আশপাশের এলাকায় এই ব্যবসা করছে। দলের কয়েকজন গোসাইহাটে এবং কয়েকজন মাথাভাঙা ও সিতাই মোড়ের ভাড়াবাড়িতে থাকেন। শাহরুখও সিতাই মোড়ের একটি ভাড়াবাড়িতে থাকেন। তাঁদের হয়ে ব্যবসা করান মুর্শিদাবাদের বাসিন্দা খোকন শেখ।
সম্প্রতি শীতলকুচি, দিনহাটা ও সিঙ্গিজানিতেও বহিরাগত ফেরিওয়ালাদের দলবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে। ফলে মাথাভাঙার এই ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা ও পরিচয়ের নামে হেনস্থার অভিযোগও নতুন করে সামনে এসেছে।

Comments :0

Login to leave a comment