ABVP attacks SFI help desk

রামরাজতলায় এসএফআই'র সহায়তা ক্যাম্পে আক্রমণ এবিভিপি'র, প্রতিরোধ এসএফআই'র

জেলা

ডাঃ কানাইলাল ভট্টাচার্য কলেজের সামনে এসএফআই-এর ক্যাম্প।

কলেজে ভর্তি হতে আসা ছাত্র ছাত্রীদের সহায়তা করার জন্য এসএফআই পরিচালিত সহায়তা ক্যাম্প ভাঙচুর চালালো আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রামরাজাতলার ডাঃ কানাইলাল ভট্টাচার্য কলেজে। ক্যাম্প ভাঙচুর করার সময়ে বাধা দিতে গেলে এবিভিপি কর্মীদের হাতে আক্রান্ত হন এসএফআই হাওড়া জেলার সভাপতি বিপাশা সাহা সহ বেশ কয়েকজন এসএফআই কর্মীরা। 
ডাঃ কানাইলাল ভট্টাচার্য কলেজে ভর্তি র জন্য অনলাইনে ফর্ম ফিলাপ করার পর মেরিট লিষ্টে যে সকল ছাত্র ছাত্রীর নাম উঠেছিল সোমবার তারা কলেজে উপস্থিত থেকে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেন। কলেজে ভর্তি হতে আসা ছাত্র ছাত্রীদের সহায়তা করার জন্য সোমবার সকাল থেকে কলেজের সামনে এসএফআই-এর পক্ষ থেকে সহায়তা ক্যাম্প করা হয়। সকাল থেকেই কলেজে ভর্তি হতে আসা সাধারণ ছাত্র ছাত্রীরা এসএফআই ক্যাম্পে এসে ভর্তির বিষয়ে পরামর্শ নিতে থাকে। দুপুরে ক্যাম্প চলাকালীন সময়ে দুপুরে আচমকাই ক্যাম্পে হামলা চালায় বহিরাগত এবিভিপি কর্মীরা। ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়। ক্যাম্পে থাকা মহিলা ছাত্রীদের গায়ে হাত দিয়ে গালিগালাজ করে এবিভিপি'র  বহিরাগত ছাত্ররা। প্রতিরোধ করে এসএফআই কর্মীরাও। 
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জগাছা থানার পুলিশ। ভেঙে দেওয়া ক্যাম্প আবার চালু করে এসএফআই কর্মীরা। তাদের অভিযোগ জগাছা থানায় আগাম জানানো সত্বেও কলেজের বাইরে এবিভিপি কর্মীরা তাদের ওপর আক্রমণ চালিয়ে ক্যাম্প ভাঙচুর করলো। বহিরাগত এবিভিপি কর্মীরা অবাধে কলেজের মধ্যে ঘোরাঘুরি করছে। কলেজ কর্তৃপক্ষ এমনকি পুলিশের পক্ষ থেকেও কোন বাধা দেওয়া হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে ক্যাম্প বন্ধ করার কথা বলা হলেও মঙ্গলবার সকাল থেকে পুনরায় ক্যাম্প খোলা হবে বলে জানান এসএফআই নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment