কলেজের ভর্তি প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য হেল্পডেস্ক চালু করেছে এসএফআই। সেখানেই বাধা দিতে আসে এবিভিপি। পালটা প্রতিরোধ গড়েন এসএফআই কর্মীরা। জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে এই ঘটনায় আহত হয়েছেন এসএফআই’র একাধিক নেতা ও কর্মী।
সোমবার সকালে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়ার ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন এসএফআই কর্মীদের সহায়তা শিবির বসাতে বাধা দেয় এবিভিপি কর্মীরা। ভর্তি প্রক্রিয়ায় অশান্তি এড়াতে কলেজ গেটের বাইরে হেল্পডেক্স বসিয়ে ছাত্র-ছাত্রীদের সহায়তা করছিলেন এসএফআই কর্মীরা। হঠাৎই সেখানে এবিভিপি এবং বজরং দলের কয়েকজন অতর্কিতে চেয়ার টেবিল ভেঙে দেয়। আক্রমণ করে এসএফআই কর্মীদের ওপর।
প্রতিরোধ গড়ে তোলে এসএফআই। আক্রমণে এসএফআই নেতা অর্ণব সরকার সহ বেশ কয়েকজন কর্মী আহত হন। একজন ছাত্রকে মাথায় আঘাত লাগার কারণে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেও গিয়ে গন্ডগোল শুরু করে এবিভিপি কর্মীরা। এসএফআই কর্মীরা একযোগে তেড়ে গেলে ওখান থেকে পালায় এবিভিপি এবং বজরং দলের কর্মীরা।
গন্ডগোলের খবর শুনে সেখানে উপস্থিত হন এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, যুবনেতা দেবরাজ বর্মন, ছাত্র আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতা ময়ূখ বিশ্বাস, যুবনেতা বেদব্রত ঘোষ সহ নেতৃবৃন্দ। এসএফআইয়ের পক্ষ থেকে সমস্ত ঘটনা জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ।
তিনি বলেন, কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে দিতে চায় না এবিভিপি। তাই তৃণমূল ছাত্র পরিষদের কায়দায় এসএফআই কর্মীদের ওপর আক্রমণ করেছে। পালটা প্রতিরোধ গড়ে তুলেছে এসএফআই কর্মীরা। তিনি বলেন, আমরা ভর্তি প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের সাহায্য করতে হেল্প ডেস্ক চালু রাখছি। কলেজের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
SFI Jalpaiguri
জলপাইগুড়ির কলেজে এসএফআই’র হেল্পডেস্কে হামলা এবিভিপি’র, চলল প্রতিরোধও
এবিভিপি’র হামলায় আহত একাধিক এসএফআই কর্মী।
×
Comments :0