পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল স্টেশন ও তার লাগোয়া এলাকায় যথাযথ পুনর্বাসন ছাড়াই রেলের বেপরোয়া হকার উচ্ছেদ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণবকে চিঠি দিলেন সিপিআই(এম) সাংসদ অমরা রাম। বুধবার এই চিঠিতে হঠাৎ করে রেলের এমন বুলডোজার অভিযানে হকারির কাজে জড়িত লক্ষ লক্ষ মেহনতি মানুষের জীবন ও জীবিকা বিপন্নতার বাস্তবতা তুলে ধরা হয়েছে।
রাজস্থানের সিকর লোকসভা কেন্দ্রের পার্টি’র সাংসদ তথা প্রবীণ কৃষক নেতা অমরা রাম লিখেছেন, বহু দশক ধরে এই হকাররা রেল স্টেশন ও তার পার্শ্ববতী এলাকায় জনতার নাগালের মধ্যে দামে বিভিন্ন রকমের দ্রব্য বিক্রি করেন।
সেই উপার্জন দিয়ে চলে তাঁদের সংসার। লক্ষ লক্ষ রেল যাত্রী তাঁদের ক্রেতা। আবার অনেক ছোট কৃষক ও তাঁদের উৎপন্ন ফসল এভাবে স্টেশন চত্বরে বিক্রি করেন।
অনেক সময় মালপত্র নিয়ে তাঁরা রাতে খালি স্টেশনেই কাটিয়ে দেন। তাই এমন পদক্ষেপ গ্রহণ করার আগে দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। প্রথমত, হকাররা লক্ষ লক্ষ গরিব মানুষকে সুলভে দ্রব্য বিক্রি করেন। দ্বিতীয়ত, এই হকারির পেশার সঙ্গে হাজার হাজার খেটে খাওয়া মানুষ জড়িত।
অন্যদিকে বহু দশক ধরে রেলের অব্যবহৃত পড়ে থাকা জমিতে গড়ে ওঠা বস্তিতে বসবাসকারী বহু লোককে সটান বিনা কোনও নোটিস ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ অথবা প্রশাসন তাঁদের কোনও পুনর্বাসনেরও ব্যবস্থা করেনি। বাস্তবে যখন মোদী সরকার শহুরে হকারদের উচ্ছেদের পূর্বে যথাযথ পুনর্বাসনের আশ্বাস দিয়েছে।
ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় রেল স্টেশন গুলিতে সিপিআই(এম) এবং বামপন্থী শ্রমিক সংগঠনগুলির জোরালো প্রতিরোধের মুখে রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদ অভিযান থেকে আপাতত পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই এমন অমানবিক পদক্ষেপ নেওয়ার আগে পশ্চিমবঙ্গ সরকার এবং রেল মন্ত্রকের সঙ্গে হকারদের পুর্নবাসনের বিষয়ে আলোচনা ও বুলডোজার অভিযান বন্ধ রাখার জন্য চিঠিতে লেখা হয়েছে।
Amra Ram Hawker
হকার উচ্ছেদ রুখতে রেলমন্ত্রীকে সিপিআই(এম) সাংসদের চিঠি
×
Comments :0