Sabdeshkhali Religious Conversion

ধর্ম বদলাতে হুমকি খ্রীস্টানপাড়ায়, প্রতিবাদ জানিয়ে আক্রান্ত যুবনেতা, সন্দেশখালিতে সিপিআই(এম) নেতৃত্ব

জেলা

আক্রান্ত যুবনেতা প্রতিবাদী শৌভিক মণ্ডলের বাড়িতে নিরাপদ সর্দার।

প্রবীর দাস: জেলিয়াখালি

বিশ্ব হিন্দু পরিষদকে সঙ্গে নিয়ে ধর্মান্তরিত করতে নেমেছে সঙ্ঘ পরিবার। প্রতিবাদ জানিয়েছে ডিওয়াইএফআই সন্দেশখালি ব্লক-২’র নেতৃত্ব। প্রতিবাদী যুবনেতাকে তুলে নিয়ে গিয়েছিল বিজেপি। তাঁকে ছাড়িয়েও আনেন ডিওয়াইএফআই’র অপর কর্মীরা। 
মঙ্গলবার সেই যুবনেতা শৌভিক মণ্ডলের বাড়ি গেলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার।  
গত ৪ জুলাই প্রতিবাদী যুবনেতা শৌভিক মণ্ডলকে তুলে নিয়ে যায় বিজেপি আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সাহাবুল শেখ সহ অন্যান্য যুবকর্মীরা পৌঁছান। সাধারণ মানুষও প্রতিবাদে যোগ দেন। দুষ্কৃতীরা শৌভিককে ছেড়ে দিতে বাধ্য হয়।
মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক এবং সিপিআই(এম) নেতা নিরাপদ সর্দার যান জেলিয়াখালির খ্রীস্টান পাড়ায়, শৌভিকের বাড়িতে। দেখা করেন শৌভিক ও তাঁর মা প্রতিভা মণ্ডলের সঙ্গে। আশ্বাস দেন পাশে থেকে সর্বাত্মক সহায়তার। 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিরাপদ সর্দার বলেন, ‘‘আরএসএস’র প্রধান শত্রু কমিউনিস্ট। দ্বিতীয় শত্রু মুসলিম। তৃতীয় শত্রু খ্রীস্টানরা। এই খ্রীস্টান পাড়া বিধানসভায় বিজেপি-কে ভোট দিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর তারা দেখছে জেলিয়াখালিতে সেদিন যারা তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরার সঙ্গে ছিল তারাই এখন বিজেপি’র বিভিন্ন পদে আসীন।’’ তিনি বলেন, ‘‘লাল ঝান্ডার তলায় ধীরে ধীরে সমবেত হতে শুরু করেছে খ্রীস্টান পাড়া। সে কারণে আরএসএস’র লক্ষ্য পূরণে বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি-কে সঙ্গে নিয়ে এই ঘৃণ্য কাণ্ড ঘটালো। এমন ঘটনা ধর্মনিরপেক্ষতার উপর আঘাত। শৌভিকদের প্রতিবাদ সঠিক। গোটা সিপিআই(এম) তাদের সাথে থাকবে।’’
কী ঘটেছিল গত ১ জুলাই? 
যুবনেতা সাহাবুল শেখ, শৌভিক মণ্ডল, আবদুল খালেক, আজিজুল মোল্লারা জানালেন যে জেলিয়াখালির অন্তর্গত খ্রীষ্টান পাড়াতে হিন্দু ধর্মাবলম্বী চারজন ‘মহারাজ’  এসেছিলেন। তাঁদের বক্তব্য ছিল যে যারা ‘মন্ডল’, ‘দাস’, ‘রায়’ ইত্যাদি পদবী নিয়ে খ্রীস্টান হয়েছে, তাদেরকে অবিলম্বে হিন্দু হতে হবে। তাঁদের এই কথায় স্থানীয়দের সঙ্গে বচসা বেঁধে যায়। 
স্থানীয়দের বক্তব্য, গ্রামবাসী সব এক হন প্রতিবাদে। তখন তৃণমূলী কায়দায় ফোন করে প্রতিবাদী ডিওয়াইএফআই নেতা শৌভিককে হুমকি দেন বিজেপি’র মন্ডল সভাপতি। ধর্মান্তরিত করার জন্য চাপ দিতে থাকেন। শৌভিক বিজেপির মণ্ডল সভাপতির হুমকির কাছে মাথা নত করেননি। তিনি বলেন যে তাঁরা গ্রামের ১৪০ ঘর খ্রীস্টান চারপুরুষ ধরে। ধর্ম বদলের কারণই নেই। 
এরপর পর গত ৪ জুলাই শৌভিককে আচমকা বাড়ি থেকে তুলে নিয়ে যায় বিজেপি আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। তাঁকে তুলে নিয়ে যায় লাল কাছারি বাড়ি। 
এই খবর পেয়ে যুবকর্মী সাহাবুল শেখ কাছারি বাড়ি যায় এবং শৌভিককে উদ্ধার করে নিয়ে আসে। 
সন্দেশখালি বিধানসভা এখন বিজেপি’র দখলে। তবে কি ধর্মীয় বিভাজনের সেভ করিডোর হিসাবে সন্দেশখালিকে বেছে নিল বিশ্ব হিন্দু পরিষদ? এমনই প্রশ্ন জেলিয়াখালী সহ গোটা সন্দেশখালির।

Comments :0

Login to leave a comment