Udayan Guha Arrested

খুন, দুর্নীতি সহ উদয়ন গুহ'র বিরুদ্ধে অধিকাংশ মামলাই জামিন অযোগ্য ধারায়

রাজ্য জেলা

জয়ন্ত  সাহা: মাথাভাঙা

বিধানসভা ভোটের ফল প্রকাশের রাতেই এম্বুলেন্সে চেপে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ সপরিবারে দিনহাটা ছেড়ে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন। অবশেষে এক মাস তের দিন পর কলকাতার ফুলবাগানের তার ফ্ল্যাট থেকে কোচবিহারের পুলিশ ফুলবাগান থানার সহযোগিতায় বুধবার গ্রেপ্তার করে দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। প্রথমে তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। তারপর তাকে নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোচবিহারের পুলিশ। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ নিজের শহরে ফিরছেন তবে পুলিশী ঘেরা টোপে।
উদয়ন গুহ-র বিরুদ্ধে মোট ৬ টি মামলা রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এর মধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে চাইল্ড কেয়ার ইউনিট গড়ার জন্য একটি সমিতি গড়েছিলেন। যার রেজিস্ট্রেশনই ছিল না। সেই সমিতির নামে তোলাবাজী করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ সহ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সময়ে আবাস যোজনার ঘর পাইয়ে দিতে উপভোক্তাদের থেকে ২০ হাজার টাকা করে টাকা তোলার অভিযোগ ছিল। এছাড়াও খুনের মামলা এবং ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলাও রয়েছে।
এদিকে উদয়ন গুহ সহ মোট ১৪ জনের নামে দিনহাটা থানায় রূপম সাহা নামে এক ব্যক্তি মামলাও দায়ের করেন। সেই মামলার তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ।আর তার জেরেই এই গ্রেপ্তার বলে জানা গেছে।
অভিযোগকারির দাবি , যে টাকা বাজার থেকে তোলা হয়েছে তার ৫ শতাংশ ও চাইল্ড কেয়ার ইউনিটের জন্য খরচ হয় নি। অথচ তোলা হয়েছিল ৪০/৪৫ কোটি টাকা!ওই সংস্থার নামের আড়ালেই তোলাবাজি হয়েছে বলে অভিযোগকারির দাবি।
অভিযোগকারী জানিয়েছেন যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাদের মধ্যে দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবীর সাহা চৌধূরী, তৃণমূল নেতা বিশু ধর, পুলক বোস, বিভাস সরকার, পার্থ সাহা চিকিৎসক বিদ্যুৎকমল সাহার মত মানুষেরা রয়েছেন। ডাঃ বিদ্যুৎকমল সাহা ছিলেন ওই সমিতির সভাপতি। দিনহাটা পৌরসভার বর্তমান চেয়ারম্যান অপর্ণা দে নন্দীর স্বামী দিলীপ দে ছিলেন সমিতির ক্যাশিয়ার। অভিযোগে তার নামও রয়েছে। এই তোলাবাজির সঙ্গে বেশ কিছু উদয়ন গুহ ঘনিষ্ট প্রভাবশালী সরকারি কর্মচারী এবং শিক্ষকেরা জড়িত রয়েছেন বলে অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে উদয়ন গুহ হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডলকেও ওই সমিতিতে সহকারী সভাপতি পদে বসিয়েছিলেন! রেজিস্ট্রেশন বিহীন একটি সংস্থা কি উদ্দেশ্যে কোটি কোটি টাকা তুলেছিল। সেই টাকার অডিট হয়েছে কিনা!  এসব খতিয়ে দেখার দাবিও করেছেন অভিযোগকারী।
জানা গেছে পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে অভিযোগের সত্যতা পেয়েই প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারের পদক্ষেপ নেয়।
উদয়ন গুহ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরেই শহরের  সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাস বলেন, "এই দুর্নীতির বিভিন্ন তথ্য আমাদের কাছে আসার পরে দলের পক্ষ থেকে তদন্ত দাবি করা হলেও তৃণমূল সরকার তদন্ত করায় নি। তিনি বলেন, উদয়ন গুহ এই কান্ডে একাধিক চিকিৎসককে জড়িয়ে নিয়েছিলেন। ধারনা করা হচ্ছে এই চিকিৎসকদের নাম গুলি রাখার মূল উদ্দেশ্য ছিল বিশ্বাস যোগ্যতা অর্জন করা। তাঁর অভিযোগ উদয়ন অনুগামী শিক্ষকদের একটি দলকে দিয়ে মহকুমার প্রতিটি শিক্ষককে রীতিমত সভায় ডেকে নিয়ে এসে কাকে কত টাকা দিতে হবে সেটাও ঠিক করে দিয়েছিলেন উদয়ন গুহ! এদিকে দিনহাটা থানায় অভিযোগকারী বুধবার বলেন,   তার পরিবারের থেকেও দফায় দফায় ৩৫ হাজার টাকা নিয়েছে ওই সমিতি। জোর পূর্বক টাকা তোলার অভিযোগ এখন দিনহাটাবাসীর মুখে মুখে। 
চাইল্ড কেয়ার ইউনিট গড়ার নামে কোটি কোটি টাকা তোলার পাশাপাশি উদয়ন গুহ পৌরসভার আবাস যোজনার উপভোক্তাদের থেকে ২০ হাজার টাকা নগদ দিতে বাধ্য করার বিষয়েও মামলায় জড়িয়েছেন।
উপভোক্তাদের ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয় এবং যারা টাকা দিতে পারে নি তাঁরা ঘর থেকে বঞ্চিত হয়েছেন। এই মর্মে হাইকোর্টে মামলা চলছে।
ইতিপূর্বে অডিট টিম উপভোক্তাদের থেকে টাকা নেওয়া বেআইনী বলে জানায় অডিট রিপোর্টে। এবং উপভোক্তাদে সেই টাকা ফেরতের নির্দেশ দিলেও  টাকা, ফেরত দেয় নি পৌরসভা। 
উল্লেখ্য উদয়ন গুহ মন্ত্রী হবার পর ওই চেয়ারে বসেন উদয়ন অনুগত গৌরীশংকর মাহেশ্বরী তিনিও উপভোক্তাদের টাকা ফেরানোর কোন উদ্যোগ নেন নি।এই চেয়ারম্যান আবার পৌরসভার ভুয়ো প্ল্যান কান্ডের জেরে অপসারিত হন। এখন তিনি বিচারাধীন জেলবন্দী।
উদয়ন গুহ চেয়ারম্যান থাকাকালীন সময়েই "উন্নয়ন তহবিলের " নামে প্রায় ২২১৬ জন উপভোক্তার থেকে প্রায় ৪ কোটি টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। তিনি হাইকোর্টে মামলাও দায়ের করেছেন এই অভিযোগের ভিত্তিতে। সেই মামলা চলছে।
জানা গেছে অভিযোগকারী আনোয়ার হোসেনকে ডেকে অভিযোগের নথি যাচাই করার পরেই দিনহাটা থানার পুলিশ পৌরসভার হেডক্লার্ক জগদীশ সেনকে ডেকে  জিজ্ঞাসাবাদ করেছে। আর তারপরেই পুলিশ এই মামলা নিয়েও তৎপর হয়।
একদিকে রেজিস্ট্রেশন বিহীন দিনহাটা শিশু মঙ্গল সমিতি গড়ে কোটি কোটি তোলার মামলা এবং পৌরসভায় হাউস ফর অল প্রকল্পে ২২১৬ উপভোক্তার থেকে উন্নয়ন তহবিলের নামে প্রায় ৪ কোটি টাকা তোলার অভিযোগ সহ খুনের মামলা এবং ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলার ফাঁসে আটকে গেলেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার অধিকাংশই জামিন অযোগ্য ধারা।

Comments :0

Login to leave a comment