পথ দুর্ঘটনায় মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু কোচবিহারে। ঘটনায় আহত একাধিক। তাদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। বৃহস্পতিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার ১নং ব্লকের আক্রারহাট এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, এদিন দুপুরে মাথাভাঙ্গা থেকে একটি যাত্রীবাহী বাস কোচবিহারের অভিমুখে রওনা দেয়। সেই সময় একটি দুধবাহী গাড়িকে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায় টোটোটি, আর টোটোর ওপর গিয়ে পড়ে এই যাত্রীবাহী বাসটি। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যে নেমে পড়েন প্রত্যক্ষদর্শীরা ও গ্রামবাসীরা। খবর দেওয়া হয় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। পুলিশ, দমকল বাহিনী, গ্রামবাসী সহ একটি ক্রেনের সাহায্যে দ্রুততার সাথে উদ্ধারকার্য সম্পন্ন হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো যাত্রী দশম শ্রেণির এক ছাত্রীর। মৃতার নাম সাগরিকা রায় ঈশোর।
এই দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে আসা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। পুলিশ বাসটিকে উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এই রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
Road Accident In Cooch Behar
কোচবিহারে পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু, আহত একাধিক
ছবি - অমিত কুমার দেব।
×
Comments :0