Annapurna Bhandar Daspur

দুমাস পেরিয়ে গেলেও মেলেনি অন্নপূর্ণা ভান্ডরের টাকা, গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ মহিলাদের

জেলা

দাসপুর ১ নং ব্লকের পাঁচবেড়িয়াতে গ্রামপঞ্চায়েত দপ্তরের সামনে ও ভিতরে শতশত মহিলার বিক্ষোভ।

জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডরের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ দুমাস কোনও টাকা পায়নি। নতুন করে ফর্ম জমা দিলেও আজ অবধি সেই ফর্ম আপলোডই হয়নি। অবিলম্বে বকেয়া সহ ভাতা চালুর দাবীতে শতশত মহিলা দাসপুর ১ নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে দপ্তর দখল করে তুমুল বিক্ষোভ দেখান। 
মহিলাদের অভিযোগ, আবেদনপত্র অঞ্চল অফিসে জমা পড়লেও তা ওয়েবসাইটে এন্ট্রি করা হচ্ছে না। ফলে দীর্ঘদিন অপেক্ষা করেও তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন না। বিক্ষোভকারীদের দাবি, বারবার অঞ্চল অফিসে গিয়েও কোনও সন্তোষজনক উত্তর মেলেনি। তাই বাধ্য হয়েই তাঁরা গণবিক্ষোভে সামিল হন। 
এক পঞ্চায়েত সদস্য জানান, গ্রামের মহিলাদের আবেদনপত্র পূরণ করে অঞ্চল অফিসে জমা দেওয়া হয়েছে। কিন্তু সেই আবেদনগুলির অনলাইন এন্ট্রি না হওয়ায় তাঁরা পরিষেবার সুবিধা পাচ্ছেন না। ফলে মহিলাদের প্রশ্নেরও তিনি কোনও সদুত্তর দিতে পারছেন না। তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে অঞ্চল ও বিডিও অফিস যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ, জয়েন্ট বিডিও। বিক্ষোভকারীদের দাবি,পঞ্চায়েত অফিস ঘেরাও শুরু হতেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অফিস ছেড়ে চলে যান। বিডিও দপ্তরে তারা সব কাগজপত্র জমা দিয়ে দিয়েছেন আজ ১৫ দিন আগে। যা করার বিডিও দপ্তর করবে। ঘটনাস্থলে বিজেপি নেতারা এলেও তাদের মুখে কোনও শব্দ বের হয়নি। আসলে বিজেপি সরকার সব মহিলাকে তাদের প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাতা দিতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

 

 

Comments :0

Login to leave a comment