মীর আফরোজ জামান: ঢাকা
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ভারতের একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে যে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগের দু’বছর পর সরাসরি জনতার মুখোমুখি হবেন শেখ হাসিনা। সামনের ৫ আগস্ট দিল্লিতে ‘ভার্চুয়াল’ অনুষ্ঠান করবেন। তাঁর রাজনৈতিক পরিকল্পনা, বিশেষ করে, ঢাকায় ফেরার পরিকল্পনা জানাবেন।
ভারতের সংবাদমাধ্যমের বক্তব্য অনুযায়ী ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ কর্মসূচির আয়োজক। সেখানেই অনলাইনে বক্তব্য রাখবেন হাসিনা। দিল্লির মথুরা রোডে স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে হবে এই অনুষ্ঠান।
প্রতিবেদনটি প্রকাশের পর বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ফলে ওই দিন শেখ হাসিনার সম্ভাব্য যে কোনও প্রকাশ্য উপস্থিতি রাজনৈতিক বার্তা বহন করতে পারে। দেশের রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করতে পারে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, তাঁর সম্ভাব্য দেশে ফেরা এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের মতো তিনটি বিষয় এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে ৫ আগস্টের কর্মসূচি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। বাংলাদেশের সাবেক কূটনীতিক তৌহিদ হোসেন এই প্রতিবেদককে বলেছেন, "আপাতত শেখ হাসিনার বাংলাদেশে আসার কোন সম্ভাবনা নেই। তিনি এলেই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবে এটাও নিশ্চিত।’’
এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনের নজর এখন ৫ আগস্টের দিকে। সেদিন শেখ হাসিনার কী বলেন সেটিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
Comments :0