জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং এসআইআর বাতিলের দাবিতে ফের উত্তাল দিল্লির রাজপথ। বিভিন্ন বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এদিন নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়। এই মিছিলকে কেন্দ্র করে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
জ্ঞানেশের পদত্যাগের দাবি এবং এসআইআর বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চলছে দিল্লিতে। সেই আন্দোলনকে দমন করতে সক্রিয় কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ। সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষ, এএ রহিমদের একাধিক বার আটক করা হয়েছে। আটক হয়েছে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবিও। কিন্তু এই আন্দোলনকে দমানো যায়নি।
এদিন একাধিক জায়গা থেকে জমায়েত করে কমিশনের সদর দপ্তরের দিকে অভিযান শুরু করেন আন্দোলকারিরা। নেতৃত্বে রয়েছেন প্রবীন সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত, সমাজকর্মী অনিল ভরদ্বাজ। উল্লেখ্য বামপন্থী সংগঠন গুলোর এই মিছিল আটকাতে কমিশনের সদর দপ্তরের ১৫০ মিটার আগে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ।
এদিন বৃন্দা কারাত বলেন, ‘এসআইআর বন্ধ করো, ভোট চুরি বন্ধ হোক এটাই আমাদের দাবি। সরকার প্রকাশ্যে সংবিধানের ওপর আক্রমণ করছে। তাদের এই আক্রমণ বন্ধ করতে হবে।’
এর আগে যন্তর মন্তরে যাতে আন্দোলনকারিরা বিক্ষোভ দেখাতে না পারেন তার জন্য নির্দিষ্ট বিক্ষোভ স্থল থেকে যন্তর মন্তরকে বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে গেলে তাদের আটক করা হয়। এখনও তাদের জেল হেপাজতে রাখা হয়েছে।
SIR protest
জ্ঞানেশের পদত্যাগের দাবিতে পথে একাধিক বাম সংগঠন
×
Comments :0