India Women's Cricket team

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর, স্মৃতিই কি পরবর্তী অধিনায়ক?

জাতীয় খেলা

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার তিনটি ফরম্যাটেই অধিনায়কের পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন ৩৭ বছরের এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না তিনি। তিনটি ফরম্যাটেই ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন হরমনপ্রীত।
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় হরমনপ্রীত জানিয়েছেন, অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। এ বার আবার শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই খেলতে চান। তার কথায়, ‘অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। দলকে নিজের সবটা দিয়েছি। এ বার আবার খেলাটার প্রতি ভালোবাসা থেকেই খেলতে চাই।’
মঙ্গলবার গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি পর্যালোচনা বৈঠকের পর হরমনপ্রীতের এই সিদ্ধান্ত সামনে আসে। গত কয়েক মাসে ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া, হরমনপ্রীত, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং দলের প্রধান কোচ অমল মজুমদার।
হরমনপ্রীতের উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন স্মৃতি মন্ধানা। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি। ফলে তিন ফরম্যাটে নতুন অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে স্মৃতিই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
২০১৬ সালে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান হরমনপ্রীত। ২০২২ সালে তাকে এক দিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক করা হয়। এর পর ২০২৩ সালে তিনটি ফরম্যাটেই ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব তার হাতে আসে।
দীর্ঘ এক দশক ধরে ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন পাঞ্জাবের মোগার এই ক্রিকেটার। তার নেতৃত্বে পাঁচটি টেস্ট, ৫১টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত।
হরমনপ্রীতের অধিনায়কত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল একাধিক উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। গত বছর তার নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জেতে ভারত। পাশাপাশি, এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বার সোনার পদক জেতে ভারতীয় মহিলা দল। ২০২২ সালের কমনওয়েলথ গেমসেও তার নেতৃত্বে রুপো জিতেছিল ভারত।
তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে হরমনপ্রীতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তার ব্যাটিং প্রত্যাশা পূরণ করতে পারছিল না। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর সমালোচনা আরও বাড়ে। প্রাক্তন ক্রিকেটার দিয়ানা এডুলজিও স্মৃতি মন্ধানাকে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছিলেন।
অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে হরমনপ্রীত লিখেছেন, দলের স্বার্থে বহুবার নিজের ব্যক্তিগত লক্ষ্য ও উন্নতির বিষয়টি পিছনে সরিয়ে রাখতে হয়েছে তাকে।
তার কথায়, ‘আমার রক্ত, ঘাম, সময় সবকিছু দিয়েছি। অনেক সময় নিজের খেলা এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কিছু অংশও বিসর্জন দিতে হয়েছে। কারণ, আমি বিশ্বাস করতাম, দলের স্বার্থই সবার আগে।’
অধিনায়ক হিসেবে একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেই সিদ্ধান্তের সবসময় সমর্থন মেলেনি। কখনও কখনও ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। তবে প্রতিটি সিদ্ধান্তের পিছনে একটাই উদ্দেশ্য ছিল দলকে আরও ভালো করে তোলা এবং অন্য ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেওয়া।
নিজের বার্তায় হরমনপ্রীত লিখেছেন, ‘আমি সবকিছু দেখেছি। কঠিন সময়, হৃদয়ভাঙা মুহূর্ত, সমালোচনা, সন্দেহ সবই দেখেছি। আবার জয়, উদ্‌যাপন, দেশের প্রতিনিধিত্ব করার গর্ব এবং এমন কিছু মুহূর্তও পেয়েছি, যা প্রতিটি ত্যাগকে সার্থক করে তুলেছে।’
অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত আবেগপূর্ণ হলেও মানসিকভাবে শান্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, ভারতীয় দল এখন যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। প্রতিভা, চরিত্র, আত্মবিশ্বাস এবং উজ্জ্বল ভবিষ্যৎ সবই রয়েছে এই দলের মধ্যে।
হরমনপ্রীতের কথায়, ‘অধিনায়কত্ব আজ শেষ হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনও শেষ হবে না। রক্ত, ঘাম, ত্যাগ, গর্ব সবটা দিয়েছি। এ বার আবার খেলাটার প্রতি ভালোবাসা থেকেই খেলতে প্রস্তুত। অধিনায়কত্ব শেষ, কিন্তু যাত্রা চলবে।’
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি দিয়ে এই বার্তা পোস্ট করেছেন হরমনপ্রীত। ভারতীয় মহিলা ক্রিকেটে এক যুগের নেতৃত্বের অবসান ঘটলেও, ব্যাটার হিসেবে তার কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়ার প্রত্যাশা থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Comments :0

Login to leave a comment