ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতার আলোচনা ফের শুরু হচ্ছে সোমবার। ১ জুন থেকে ৪ জুন ভারত সফরে আসছে আমেরিকার সরকারি প্রতিনিধিদল।
আমেরিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন লিঞ্চ। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন।
গত ফেব্রুয়ারিতে পিছিয়ে যায় দ্বিপাক্ষিক বৈঠক। পরে এপ্রিলে একবার আলোচনা হলেও সমঝোতা চূড়ান্ত হয়নি।
এর আগে ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতার অন্তবর্তীকালীন কাঠামো প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী সমঝোতা সম্পর্কে বিবৃতি দেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও।
ট্রাম্পই জানিয়ে দেন যে বাণিজ্য সমঝোতার নামে ভারত আমেরিকার থেকে বছরে ৫০০ বিলিয়ন ডলারের মতো বিপুল অঙ্কের অর্থ খরচ করে জ্বালানি এবং প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে রাজি হয়েছে। সেই সঙ্গে ভারতের কৃষিক্ষেত্র এবং দুগ্ধপণ্যের বাজার খুলে দিতে রাজি হয়েছে।
চুক্তির প্রাথমিক কাঠামো সামনে আসতেই তীব্র বিক্ষোভের মুখে পড়ে নরেন্দ্র মোদী সরকার। আমেরিকার হাতে দেশকে বেচে দেওয়া হলে কড়া প্রতিরোধের হুঁশিয়ারি দেন কৃষকরা।
ভারতের মোদী সরকারের প্রধান যুক্তি ছিল এই সমঝোতার ফলে ট্রাম্প প্রশাসনের চাপানো ‘পালটা শুল্ক’ থেকে ছাড় মিলবে। ৫০ শতাংশের পরিবর্তবে শুল্ক কমে ১৮ শতাংশ হবে। তবে বিভিন্ন অংশই দেখিয়েছে যে কূটনৈতিক স্তরে কোনও সাফল্য আদৌ নয় এই বোঝাপড়া। ভারতের ওপর দীর্ঘ সময় আমেরিকার আমদানি শুল্ক ১৮ শতাংশের অনেক কমই থেকেছে।
এর মধ্যে গত ২০ ফেব্রুয়ারি আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের পালটা শুল্ক নীতির নামে চড়া হারে আমদানি শুল্ক বসানোর নীতিটিই বাতিল করে দেয়। সেই সময় ভারত-মার্কিন বাণিজ্য বৈঠক বাতিলও হয়।
কেন্দ্র প্রাথমিকভাবে জানিয়েছে অন্তরবর্তী কাঠামো চূড়ান্ত করে সমঝোতা নির্দিষ্ট করার প্রস্তাব রাখবে ভারত।
India-US trade meeting
দিল্লিতে ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক কাল
×
Comments :0