Jalpaiguri News

বেহাল রাস্তা-নিকাশি, হেলিকপ্টার থেকে ফুল ছড়াচ্ছে সরকার!

জেলা

বৃষ্টিতে উঠে গিয়েছে প্যাচওয়ার্ক। জলপাইগুড়িতে এমন বহু রাস্তার বেহাল দশ।

টানা বৃষ্টিতে জেরবার উত্তরে জেলাগুলির মানুষ। মঙ্গলবার দুপুরে টানা দু’ঘন্টার বৃষ্টিতে আবার জলমগ্ন হয় জলপাইগড়ি শহর। প্রবল বৃষ্টিপাতের কারণে আটকে পড়েন বহু মানুষ। রাস্তাঘাটের অবস্থা বিপজ্জনক। এর মধ্যেই প্রশ্ন উঠেছে রাজ্যের সরকারের অগ্রাধিকার নিয়ে।
গতকাল, শ্রাবণী মেলার তৃতীয় সোমবারে জল্পেশ মন্দিরে আগত কয়েক হাজার দর্শনার্থীদের উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হয়। এই আয়োজনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। 
এই আয়োজনের সরকারি ব্যয়ের পাশাপাশি অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন শহরের বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, টানা বর্ষণে জলপাইগুড়ি শহরের প্রধান ও ছোট রাস্তাগুলির প্যাচওয়ার্ক উঠে গিয়েছে। চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। বহু এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ‘আম্রুত’ প্রকল্পের পানীয় জল, রাস্তা সংস্কার, স্বাস্থ্য পরিষেবা ও পৌরসভার দৈনন্দিন পরিষেবা নিয়েও মানুষের ক্ষোভ বাড়ছে। নির্বাচনের আগে ঘোষিত একাধিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও অসন্তোষ রয়েছে ।
এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সরকারি উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানে ফুল ছড়ানোর আয়োজন কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নই উঠে আসছে। 
একাংশের বক্তব্য, উন্নয়ন, কর্মসংস্থান, স্থানীয় সমস্যা, নাগরিক পরিষেবা ও সামাজিক সুরক্ষার প্রশ্নে মানুষের প্রত্যাশা পূরণ না করে ধর্মীয় আবেগকে সামনে আনার প্রবণতা উদ্বেগজনক। তাঁদের আশঙ্কা, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে প্রকৃত উন্নয়নের পরিবর্তে ধর্মীয় প্রতীকী কর্মসূচিকেই সরকারি সাফল্যের মাপকাঠি হিসেবে তুলে ধরা চলতে থাকবে।

Comments :0

Login to leave a comment