Uttar Pradesh fire

উত্তরপ্রদেশের টোলপ্লাজায় ধাক্কা এলপিজি ট্যাঙ্কারের, ব্যাপক অগ্নিকান্ডে আহত ৭

জাতীয়

উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার একটি টোলপ্লাজায় এলপিজি ট্যাঙ্কার ধাক্কা খেয়ে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে ঘটনাটির একটি বিস্তারিত বিবরণ সহ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি থেকেই জানা গিয়েছে যে গোটা ঘটনায়৭ জন আহত হয়েছেন, তারমধ্যে ৫জন টোলপ্লাজার কর্মীও রয়েছেন যারা ব্যাপকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন।     
শুক্রবার সকল ৭টা নাগাদ কোখরাজ থানার অন্তর্গত সিহোরি টোল প্লাজায় ঘটনাটি ঘটেছে। 
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই এলপিজি ট্যাঙ্কারটি কানপুর থেকে প্রতাপগড় যাওয়ার সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সেন্ট্রাল ডিভাইডার-এ ধাক্কা খেয়ে উল্টে গিয়ে টোল প্লাজায় সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে ট্যাঙ্কার থেকে এলপিজি লিক হতে শুরু করে, ফলত ব্যাপক বিস্ফোরণ হয়। যার জেরে ওই গাড়িটি সহ টোলপ্লাজার একটি অংশে আগুন ধরে যেতে দেখা যায়। 
পুলিশ সুপারিন্টেন্ডেন্টের সত্যনারায়ণ প্রজাপতি জানিয়েছেন, ওই টোল প্লাজার কর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অনুমান করা হচ্ছে যে এলপিজি লিক করেই দুর্ঘটনাটি ঘটেছে, যার ফলস্বরূপ বিস্ফোরণ ও অগ্নিকান্ডটি হয়। তিনি জানান যে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে  ডিএসও সহ একটি কারিগরি দল ওই জায়গায় অভিযান চালাচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন যে আগুন নেভানো সহ তদন্তের জন্য ক্ষতিগ্রস্থ ট্যাঙ্কারটি পরিদর্শন করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন ব্যাপকভাবে পুড়ে গিয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাদের প্রয়াগরাজের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে বাকি ২জনের আঘাত এমন গুরুতর না হওয়ায়, প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment