Tea Garden Workers Protest

প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, গ্র্যাচুইটির দাবিতে বিক্ষোভ মথুরা চা বাগান শ্রমিকদের

জেলা

চা বাগান শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যা অভিযানে মথুরা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকরা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারের সময় বিজেপি নেতৃত্ব, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা চা শিল্প ও শ্রমিকদের সংকট দূর করার একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আশ্বাসে ভরসা করেই বহু শ্রমিক বিজেপিকে সমর্থন করেছিলেন। কিন্তু এখনও অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া গ্র্যাচুইটি, পেনশন এবং বন্ধ চা বাগান পুনরায় চালুর মতো বিষয়গুলির কোনও স্থায়ী সমাধান হয়নি।
শ্রমিকদের দাবি, চা বাগানের দৈনিক মজুরি ৫০০ টাকা করার প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়িত হয়নি। তারা প্রশ্ন তোলেন, কবে সেই প্রতিশ্রুতি কার্যকর হবে। বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য, ডুয়ার্সের বহু চা বাগান এখনও বিভিন্ন স্বার্থগোষ্ঠী ও মাফিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে, যা থেকে শিল্পকে মুক্ত করা প্রয়োজন। পাশাপাশি অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া গ্র্যাচুইটি দ্রুত পরিশোধের দাবিও জোরালোভাবে তোলা হয়। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চলতি মাসের মধ্যেই গ্র্যাচুইটির বকেয়া মেটাতে হবে। তা না হলে ডুয়ার্স কন্যার সামনে অনশন ও ভুখ হরতালের মতো কঠোর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।
এদিন বক্তারা স্মরণ করিয়ে দেন, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী থাকাকালীন নির্মলা সীতারামন বন্ধ হয়ে যাওয়া ডানকান গার্ডেন অধিগ্রহণের কথা বলেছিলেন। তাঁদের দাবি, বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের পরিবেশ থাকায় সেই উদ্যোগ বাস্তবায়নে আর কোনও বাধা থাকা উচিত নয়।
এছাড়া চা বাগান এলাকায় বসবাসকারী আদিবাসী পরিবারগুলির দীর্ঘদিনের জমির অধিকার স্বীকৃতির দাবিও তোলা হয়। শ্রমিকদের বক্তব্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ওই জমিতে বসবাস করছেন। তাই তাদের নামে জমির বৈধ পাট্টা ও কাগজপত্র প্রদান করতে হবে। শ্রমিক নেতা বিদুৎ গুণ বলেন, ‘‘আগের সরকার কখনও শ্রমিক স্বার্থকে গুরুত্ব দেয়নি। নিজেদের ন্যায্য দাবির জন্য শ্রমিকদের রাত জেগে আন্দোলন, অবস্থান ও লাগাতার লড়াই করতে হয়েছে। নতুন সরকারের কাছে শ্রমিকদের প্রত্যাশা, তারা চা শিল্প ও শ্রমিকদের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।’’ তাঁর কথায়, ‘‘শিল্পকে বাঁচাতে হলে আগে শ্রমিকদের বাঁচাতে হবে।’’

Comments :0

Login to leave a comment