কাজ হারালে নতুন কাজ খোঁজার জন্য ৬০ দিন সময় আর মিলবে না। দক্ষ অভিবাসী কর্মীদের সঙ্গে সঙ্গেই কাটতে হবে দেশে ফেরার জন্য বিমানের টিকিট। এবার এমনই বিধি আনছে আমেরিকা।
দক্ষ কর্মীদের অভিবাসনের জন্য ‘এইচ-ওয়ান বি’ ভিসা দেয় আমেরিকা। চালু নিয়ম হলো, যে সংস্থার কাজে সে দেশে এই ভিসায় যাচ্ছেন কোনও অভিবাসী, কাজ হারালে, আরও ৬০ দিন নতুন সুযোগ খুঁজতে পারবেন।
এই বিধি অনুযায়ী বাড়তি সময় থাকার সুযোগ মিলতে পারে আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগের বিশেষ অনুমোদন মিললে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
এইচ-ওয়ান বি ভিসা সংক্রান্ত এই প্রস্তাবটি বর্তমানে মার্কিন প্রশাসনের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট‘র পর্যালোচনায় রয়েছে। এই পর্যালোচনা শেষ হলে প্রস্তাবটি ফেডারাল রেজিস্টারে প্রকাশ করা হবে। এরপর সাধারণ মানুষের মতামত জানানোর জন্য ৩০ থেকে ৬০ দিনের সময় দেওয়া হতে পারে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রস্তাবটি চূড়ান্ত হলে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কোনও বিদেশি কর্মীর চাকরি চলে গেলে তাঁকে আর বৈধ অভিবাসী হিসেবে সাধারণভাবে গণ্য করা হবে না। ফলে তাঁকে আমেরিকা ছাড়তে হতে পারে। একই সঙ্গে দেশের ভিতরে থেকে নতুন নিয়োগকর্তার কাছে যাওয়া বা অন্য কোনও ভিসার আওতায় যাওয়ার সুযোগও থাকবে না। চাকরি হারানোর পর সর্বোচ্চ ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ দেওয়ার নিয়ম ২০১৬ সালে গ্রহণ করা হয়। ২০১৭ সালের শুরু থেকে তা কার্যকর হয়।
নির্দিষ্ট কয়েকট ধরনের ভিসায় সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় পড়েন।
ব্লুমবার্গ জানাচ্ছে যে প্রস্তাবটি এখনও সরকারি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পূর্ণাঙ্গ খসড়া এখনও প্রকাশিত হয়নি।
এইচ-ওয়ান বি ভিসায় ভারতীয়দের একটি উল্লেখযোগ্য অংশ আমেরিকায় কাজে যান। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি পদে দ্বিতীয় পর্বে অভিবাসীদের দেশছাড়া করার সরকারি আয়োজন বাড়তি গুরুত্ব পেয়েছে। এদিকে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা প্রক্রিয়াও জারি রেখেছে আমেরিকা। এইচ-ওয়ান বি ভিসায় আমেরিকা একাধিক কড়াকড়ি করলেও ভারতের নরেন্দ্র মোদী সরকারকে সরব হতে দেখা যায়নি। বিদেশ থেকে পরিবারের জন্য পাঠানো অর্থ ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেয়।
H-1B Visa 60 day Grace Rule
কাজ হারালেই ফিরতে হবে দক্ষ অভিবাসী কর্মীদের, নতুন বিধি আনছে আমেরিকা
×
Comments :0