No charges to be levied on digital transactions: Politbureau

ডিজিটাল লেনদেনে মাশুল আদায় করা যাবে না: পলিট ব্যুরো

জাতীয়

ইউপিআই লেনদেনের ওপর কেন্দ্রীয় সরকারের মাশুল (চার্জ) আদায়ের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।   
‘ডিজিটাল ইন্ডিয়া’-র নামে মোদী সরকারই ডিজিটাল লেনদেন ও ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস)-কে একটি বিনামূল্যে জনহিতকর পরিষেবা হিসাবে প্রচার করে। খোদ প্রধানমন্ত্রী বারংবার সাধারণ মানুষ, খুচরো ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলিকে নগদ লেনদেন ত্যাগ করে ডিজিটাল লেনদেন চালু করার জন্য আবেদন জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নিজে এক বেসরকারি ডিজিটাল পেমেন্ট সংস্থার হয়ে বিজ্ঞাপনে পর্যন্ত করেছেন, বিভিন্ন মাধ্যমে ইউপিআই’র সমর্থনে প্রকাশ্যে সরব হয়েছেন। এমনকি নোট বাতিলের পক্ষে অন্যতম যুক্তি হিসাবেও ইউপিআই’কে তুলে ধরা হয়।
সাধারণ মানুষ যখন আর্থিক লেনদেনের মাধ্যম হিসাবে গ্রহণ করে নিয়েছেন, তখন সরকার এই জনকল্যাণমূলক পরিকাঠামোয় লেনদেনের মাশুল বসিয়ে একে অতিরিক্ত আয়ের উৎসে পরিণত করার চেষ্টা করছে। এটি সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করা। সরকার এতদিন ধরে দাবি করে এসেছিল যে ইউপিআই সর্বদা বিনামূল্যে পাওয়া যাবে।
পলিট ব্যুরো জানিয়েছে, এই পদক্ষেপকে বিচ্ছিন্নভাবে দেখার কোনও সুযোগ নেই। গত এক দশকে জনগণকে ক্রমাগত ব্যাঙ্ক সংক্রান্ত একাধিক ফি ও মাশুল বৃদ্ধির সম্মুখীন হতে হয়েছে—  ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জরিমানা, নির্দিষ্ট সীমার বাইরে এটিএম লেনদেনের বাড়তি মাশুল, ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণের মাশুল, এসএমএস সতর্কবার্তার জন্য মাশুল, ইত্যাদি এর মধ্যে কয়েকটি। এসব কিছুই নিত্যপ্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবার খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
প্রস্তাবিত এই বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে পলিট ব্যুরো। ইউপিআই’কে অবশ্যই একটি বিনামূল্যে প্রাপ্ত, সর্বজনীন, সমস্ত মানুষের সামর্থ্যের মধ্যে থাকা এবং জনগণের প্রতি দায়বদ্ধ ডিজিটাল লেনদেন ব্যবস্থা হিসাবে বহাল রাখতে হবে।

Comments :0

Login to leave a comment