Polit Bureau on Ethanol Blended Petrol Policy

বদলাতে হবে ইথানল নীতি, রাখতে হবে বিকল্প, দাবি পলিট ব্যুরোর

জাতীয়

ইথানল মিশ্রিত জ্বালানির বিকল্প রাখতে হবে পেট্রোল পাম্পে। ক্রেতার কাছে সব রকম জ্বালানি কেনার সুযোগ রাখতে হবে। সেক্ষেত্রে, ইথানল মিশ্রিত পেট্রোলের দাম কম রাখতে হবে। যাতে গাড়ির ক্ষয় এবং মাইলেজে ঘাটতি পুষিয়ে দেওয়া যায়। 
কেন্দ্রের সরকারের ইথানল নীতির বিরোধিতায় এই দাবি তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
শুক্রবার বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, ২০ শতাংশের বেশি ইথানল মিশ্রিত জ্বালানি বাজারে আনার পরিকল্পনা ছাড়তে হবে সরকারকে। ইথানল তৈরির জন্য আমেরিকা তাদের ভুট্টা কিনতে চাপ দিচ্ছে ভারতকে। এই পরিকল্পনা বাতিল করতে হবে। কারণ এই জিএম বা জিনগত প্রযুক্তিতে উৎপাদিত ভুট্টা ঘুরপথে মানুষকে খাওয়ানো হতে পারে। 
সিপিআই(এম) বলেছে, বিভিন্ন অংশ ইথানল নীতির বিরোধিতা করেছে। সেই বিরোধিতা বিবেচনায় রেখে নীতি বদলে নিক সরকার। তা না হলে বিপুল অংশের প্রতিবাদের মুখে পড়তে হবে। 
পলিট ব্যুরো বলেছে, ইথানল নীতিতে ফের স্পষ্ট হয়ে গিয়েছে কেন্দ্রের সরকারের অগ্রাধিকার কোথায়। নাগরিকদের স্বার্থের চেয়ে, সরকারের কাছে, বেশি গুরুত্বপূর্ণ কর্পোরেটের মুনাফাকে নিশ্চিত করা। ইথানল নীতিতে দেশের খাদ্য সুরক্ষা আক্রান্ত। কৃষকের সুরক্ষা আক্রান্ত। ক্রেতার অধিকার এবং পরিবেশজনিত স্থিতিশীলতা বিপন্ন। 
পলিট ব্যুরো বলেছে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো নিশ্চয় জরুরি। কিন্তু তার জন্য খাদ্য সুরক্ষা, ত্রেতা অধিকার বা পরিবেশের স্থিতিশীলতার প্রশ্নগুলিকে উপেক্ষা করা যায় না।
পলিট ব্যুরোর ব্যাখ্যা, ইথানল নীতির ফলে খাদ্য শস্য এই জ্বালানি তৈরি জন্য ব্যবহার করা হচ্ছে। এই নীতি সে দেশেই নেওয়া হচ্ছে যেখানে ক্ষুধা এবং অপুষ্টির প্রভাবে জনতার বড় অংশ আক্রান্ত। ইথানলের উৎপাদন বাড়াতে বিদেশ থেকে ভুট্টা আমদানি করা হচ্ছে। এই নীতিতে লাভ হচ্ছে কিছু কর্পোরেট সংস্থা এবং বড় চিনিকলের। আরেকদিক শস্য উৎপাদনের ধরন বদলে যাচ্ছে। প্রচুর জল ব্যবহার হচ্ছে কম বৃষ্টিপাতের এলাকায়। ফলে মাটির তলার জল শুষে নেওয়া হচ্ছে। 
এই নীতি বদলের দাবি তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।

Comments :0

Login to leave a comment