CPI(M) Protest Against Eviction

হকার উচ্ছেদের বিরুদ্ধে ধূপগুড়িতে বিক্ষোভ, ডেপুটেশন লাল ঝান্ডার

জেলা

রেলের জমিতে বসবাসকারী গরিব মানুষ এবং স্ট্রিট হকারদের বিকল্প ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ করা চলবে না। এই মূল দাবি সহ মোট ৫ দফা দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ধূপগুড়ি এরিয়া কমিটি রবিবার ধূপগুড়ি স্টেশন ম্যানেজারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম-এর উদ্দেশ্যে এক স্মারকলিপি পেশ করল।
রবিবার বিকেলে স্টেশন মোড় সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা করে তারপর পর সিপিআই(এম)-এর একটি প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের হাতে এই ডেপুটেশন তুলে দেন। স্মারকলিপিতে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ধূপগুড়ি স্টেশনে সমস্ত দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার পাশাপাশি যাত্রী সুরক্ষার বিষয়টিও জোরালো ভাবে তোলা হয়েছে।
বিক্ষোভ সভা থেকে অভিযোগ করা হয়েছে, স্টেশন চত্বরে রুটিরুজির টানে বসা রেল হকারদের ওপর সিআইএসএফ, আরপিএফ এবং জিআরপি-এর জুলুমবাজি ও হেনস্থা প্রতিনিয়ত বাড়ছে। এই বর্বরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের ঢাকঢোল পেটানো 'অমৃত ভারত স্টেশন' প্রকল্পের কাজ ধূপগুড়িতে কেন থমকে রয়েছে, রেল কর্তৃপক্ষের কাছে সেই জবাবও চাওয়া হয়েছে। এই উন্নয়ন মূলক কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। বিক্ষোভ সভায় ছিলেন জলপাইগুড়ি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তুষার বসু, জেলা কমিটির সদস্য মমতা রায়, নূর আলম সহ এরিয়া নেতৃত্ব।
ডেপুটেশন শেষে ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার রেল কর্তৃপক্ষকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘রেল কর্তৃপক্ষ যদি অবিলম্বে গরিব হকারদের পুনর্বাসন না দেয় এবং স্টেশন উন্নয়নের কাজ দ্রুত শুরু না করে, তবে আগামী দিনে ধূপগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গে রেলের এই জনবিরোধী ও উদাসীন নীতির বিরুদ্ধে পার্টি আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।’’ 
এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় হকার ও সাধারণ রেল যাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। 

Comments :0

Login to leave a comment